জাহিদ হাসানঃ
কুষ্টিয়ার ভেড়ামারায় নিখোঁজ ক্ষুদে ফুটবলার তুহিন (দিনহো) কে দ্রুত উদ্ধার ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (০৯ই জানুয়ারি) সকাল ১১টায় ভেড়ামারা মডেল থানার সামনে নিখোঁজ তুহিনের পরিবার ও এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে পরিবারের সদস্যরা জানান, ফারাকপুর বাঁধপাড়া গ্রামের বাবলু সর্দারের দ্বিতীয় পুত্র তুহিন (দিনহো) গত ৮ই নভেম্বর ২০২৫ নিখোঁজ হয়। সে ভালো ফুটবল খেলতো। তার স্বপ্ন ছিল একসময় বাংলাদেশ জাতীয় দলের হয়ে মাঠে নামার। হটাৎ কে বা কাহারা তুহিনকে পরিকল্পিত ভাবে অপহরণ বা গুম করেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি এবং জড়িতদের গ্রেপ্তার করা হয়নি।
তুহিনের পিতা বাবলু সর্দার কান্নায় ভেঙে পড়ে প্রশাসনের কাছে আকুল আবেদন জানিয়ে বলেন, “আমাদের সন্তানকে সুস্থ অবস্থায় ফেরত চাই। যারা এই ঘটনার সাথে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদান করতে হবে।”
এলাকাবাসী দাবি জানান, অবিলম্বে তুহিনকে উদ্ধার করা না হলে পরবর্তীতে আরও কঠোর আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হবে। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা- দৌলতপুর) সার্কেল দেলোয়ার হোসেন জানান, তুহিন নিখোঁজের পর থেকে আমাদের থানা পুলিশ তাকে খোঁজার জন্য সকল প্রকার প্রশাসনিক কার্যক্রম অব্যাহত রেখেছে।
প্রিন্ট করুন







Discussion about this post