কুষ্টিয়া : কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা)বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেছেন “আগামীর বাংলাদেশ গড়ার প্রধান শক্তি এই তরুণ প্রজন্ম। তাদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া কোনো ইতিবাচক পরিবর্তন সম্ভব নয়। ”
শুক্রবার বিকেলে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের মশান মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল মাঠে খোলা আকাশের নিচে, সবুজ ঘাসের মাঠে বসে তরুণদের মাঝে সাথে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “আগামী বাংলাদেশ গড়বে এই তরুণরাই। রাজনীতি মানে যদি মানুষের পাশে দাঁড়ানো হয়, তাহলে সেই রাজনীতিই আমি চাই।”
তিনি আরাে বলেন, তরুণদের মেধা, সাহস, স্বপ্ন আর দেশপ্রেম—এই চার শক্তিকে কেন্দ্র করেই আগামীর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে তিনি মাঠে-মাঠে, মনের গভীরে পৌঁছে যেতে চান তরুণদের কাছে।
তিনি মনে করেন, রাজনীতি তখনই সফল হয়, যখন তরুণ প্রজন্ম নিজেকে এর অংশ ভাবতে পারে। আর নেতৃত্ব তখনই অর্থবহ হয়, যখন তা তরুণদের কথা শুনে, বুঝে এবং তাদের জন্য কাজ করে। এজন্যই তিনি তরুণদের শুধু ভোটার নয়, বরং দেশ গড়ার সহযোদ্ধা হিসেবে দেখতে চান।
এরআগে তিনি বিকেলে মশান স্কুল মাঠে হঠাৎ করেই নেতাকর্মীদের বাইরে রেখে তরুণদের সাথেই মাঠের সবুজ ঘাসে বসে পড়েন। জমে ওঠে প্রাণবন্ত এক আড্ডা। এসময় তিনি তরুণদের সঙ্গে একেবারে ঘনিষ্ঠভাবে কথা বলেন, তাদের জীবনের অভিজ্ঞতা, স্বপ্ন এবং ভবিষ্যতের পরিকল্পনা শোনেন মনোযোগ দিয়ে। আলোচনা হয় আগামীর বাংলাদেশ ও মিরপুর–ভেড়ামারার উন্নয়ন ভাবনা নিয়েও।
এই সৌহার্দ্যপূর্ণ আড্ডা তরুণদের মাঝে নতুন উদ্দীপনা ও আশার সঞ্চার করেছে। নেতার এমন সহজ-সরল মিশুক আচরণই তাঁকে করে তুলেছে সবার প্রিয়।
তরুণদের স্বপ্ন ও চিন্তাকে গুরুত্ব দিয়ে ব্যারিস্টার রাগীব তরুণদের জিজ্ঞেস করেন—তারা কেমন বাংলাদেশ চায়? মিরপুর-ভেড়ামারা অঞ্চলের উন্নয়নের জন্য কী প্রয়োজন? তরুণদের কর্মসংস্থান, শিক্ষার মান, নিরাপত্তা এবং বাকস্বাধীনতা নিয়ে খোলামেলা আলোচনা হয়।
তাঁর কথায় ছিলো আশ্বাস, চোখে ছিলো আন্তরিকতা। এই মানবিক ও আন্তরিক উপস্থিতি তরুণদের মনে ছুঁয়ে যায়। তারা পায় নতুন ভরসা, দেখে এক নতুন নেতা যিনি শুধু ভাষণ দেন না, মন দিয়ে শোনেনও।
সেখানে উপস্থিত জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত জানান, তিনি এসেছেন রাজনৈতিক প্রচারণায় নয়, তরুণদের মনের কথা শুনতে, তাদের স্বপ্ন-আকাঙ্ক্ষা জানতে। শহরের কোলাহল ছাড়িয়ে গ্রামের মাঠে মাটির কাছে বসে, তরুণদের সঙ্গে গল্পে গল্পে উঠে আসে বাস্তবতা, হতাশা, প্রত্যাশা আর আগামী দিনের স্বপ্ন। এভাবেই মাঠে মাটিতে তরুণদের হৃদয়ে জায়গা করে নিচ্ছেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী—একজন আশাবাদী, মানবিক ও প্রগতিশীল নেতৃত্বের প্রতীক।
প্রিন্ট করুন










Discussion about this post