মাহাবুল ইসলাম, গাংনী, মেহেরপুর: মেহেরপুরে তথ্যপ্রযুক্তির সহায়তায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও বিকাশ প্রতারণার মাধ্যমে আত্মসাৎকৃত অর্থ উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১১টায় মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে উদ্ধারকৃত ৯২টি মোবাইল ফোন ও নগদ অর্থ ভুক্তভোগীদের হাতে তুলে দেওয়া হয়।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ সালের ডিসেম্বর মাসে মেহেরপুর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল জেলার তিনটি থানায় সাধারণ ডায়েরিভুক্ত হারানো মোবাইল সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় মোট ৯২টি মোবাইল ফোন উদ্ধার করে। উদ্ধারকৃত এসব মোবাইল আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।
এছাড়াও ভুলবশত অন্য নম্বরে চলে যাওয়া এবং প্রতারণার মাধ্যমে আত্মসাৎকৃত বিকাশ ও নগদ অর্থসহ মোট ৫৫ হাজার টাকা উদ্ধার করে সংশ্লিষ্ট ভুক্তভোগীদের বুঝিয়ে দেওয়া হয়। একই সময়ে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের মাধ্যমে ১৩টি ফেসবুক আইডি সফলভাবে রিকোভারি করা হয়েছে। পাশাপাশি ৪ জন নিখোঁজ ভিকটিম উদ্ধারে সহায়তা প্রদান করা হয়।
উদ্ধারকৃত মোবাইল ফোন ও অর্থ হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোহাম্মদ আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. জামিনুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মেহেদি হাসান দিপুসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে বক্তব্যকালে পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় ভুক্তভোগীসহ সাধারণ জনগণের উদ্দেশে সতর্কতামূলক পরামর্শ প্রদান করেন। তিনি বলেন, তথ্যপ্রযুক্তির এই যুগে আমরা কেউই অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও সাইবার স্পেসের বাইরে নই। তাই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে মোবাইল ফোন ও অনলাইন যোগাযোগ ব্যবহারে সবাইকে আরও সচেতন হতে হবে।
তিনি আরও বলেন, পুরোনো মোবাইল ফোন কেনার ক্ষেত্রে অবশ্যই ক্রয়ের রসিদ ও ক্যাশ মেমো সংগ্রহ করতে হবে। অনলাইনে প্রতারণা এড়াতে কারও প্রলোভনে পড়ে বিকাশ, নগদ বা অন্যান্য মোবাইল ব্যাংকিং অ্যাপের ওটিপি কখনোই কারও সঙ্গে শেয়ার করা যাবে না। একই সঙ্গে অনলাইনে কোনো পণ্য কেনার আগে অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে পরামর্শ করার পরামর্শ দেন তিনি।
পুলিশ সুপার আরও জানান, সাইবার অপরাধ প্রতিরোধে মেহেরপুর জেলা পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে এবং জনগণের জানমাল ও ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বদা সচেষ্ট রয়েছে।
এসময় জেলার প্রায় শতাধিক নারী-পুরুষ ভুক্তভোগী উপস্থিত ছিলেন।
প্রিন্ট করুন









Discussion about this post