গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের অলিনগর গ্রামে কথিত দরবার শরীফের নামে এক অসহায় নারী ও তার কন্যার ক্রয়কৃত জমি জবরদখলের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় প্রতিপক্ষ হিসেবে একই গ্রামের সিরাজুল ইসলাম ও মিরাজুল ইসলামের নাম উল্লেখ করেছেন ভুক্তভোগী নুরুন্নাহার আখতার।
ভুক্তভোগী নুরুন্নাহার আখতার সাংবাদিকদের জানান, তাঁর স্বামী বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান জীবদ্দশায় দেনমোহর বাবদ ৭৫৩৯ নম্বর দলিলে ২৭ শতক জমি তাঁর নামে রেজিস্ট্রি করে দেন। এছাড়া মৃত্যুর আগে ২৮৭০ নম্বর দলিলের মাধ্যমে ৭ শতক জমি কন্যা হাবিবা নওসীনের নামে রেজিস্ট্রি করেন। স্বামীর জীবদ্দশায় এর বাইরে আর কোনো জমি ছিল না।
স্বামীর মৃত্যুর পর নুরুন্নাহার আখতারের কন্যা হাবিবা নওসীন তার ফুফু ইজারন খাতুনের নিকট থেকে ৮০৫৮ নম্বর দলিল মূলে জমি ক্রয় করেন। এছাড়াও নুরুন্নাহার নিজ নামে থাকা কিছু জমি কন্যার নামে রেজিস্ট্রি করে দেন, যার দলিল নং ৮৩৮৯। তাঁর আরও একটি দলিল রয়েছে—৭৫৩৯ নম্বর, তারিখ ২০/০৯/২০০৬ ইং, খারিজ কেস নং ১২৩৮/৯-পি-১/২০০৭-০৮, হোল্ডিং নং ৪৩২, খতিয়ান নং ১৯১/২। দাগ নং ৩০৭-এ ৪.৫০ শতাংশ এবং দাগ নং ৯৩৪-এ ২৪.২৫ শতাংশসহ মোট ২৮.৭৫ শতাংশ জমি। এছাড়া ১৯/০৪/১৯৯২ ইং তারিখের ৩৮৯২ নম্বর দলিলে তিনি আরও একটি জমি ক্রয় করেন।
নুরুন্নাহার আখতার জানান, তিনি দীর্ঘদিন ধরে “মা ও সাধনা দুঃস্থ নারী কল্যাণ সংস্থা” নামে একটি নারী সংগঠন পরিচালনা করে আসছিলেন, যার সম্পাদিকা ছিলেন তাঁর কন্যা হাবিবা নওসীন। গাংনী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় থেকে সংগঠনটি লাইসেন্সপ্রাপ্ত (রেজি নং: জেমবিককা/মেহের/২০/২০০৪, তারিখ ৩০/০৯/২০০৪)। সংগঠনে ৫১ জন অসহায় নারী সদস্য ছিলেন, যাদের নিয়ে তারা জীবিকা নির্বাহ করতেন। মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক সড়কের পাশে সংগঠনের একটি বড় সাইনবোর্ডও ছিল।
তিনি আরও বলেন, তাঁর স্বামীর প্রথম স্ত্রী তাঁকে ছেড়ে অনেক আগেই অন্যত্র চলে যান। পরবর্তীতে তাঁর সঙ্গে বিয়ে হয়। স্বামীর মৃত্যুর পর হঠাৎ প্রথম পক্ষের দুই ছেলে সিরাজুল ইসলাম ও মিরাজুল ইসলাম গুন্ডাবাহিনী নিয়ে এসে তাঁকে ও তাঁর মেয়েকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন এবং বসতঘরসহ জমি দখল করে নেন। প্রতিপক্ষরা দাবি করেন, জমিটি দরবার শরীফের নামে এবং সেখানে মদন মস্তানের কবর রয়েছে—যা সম্পূর্ণ মিথ্যা।
ভুক্তভোগীর অভিযোগ, প্রতিপক্ষরা বিভিন্ন সময় মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। বর্তমানে তাঁর মেয়ের নামে বাড়ির জমিসহ মোট ৩২ শতক জমি রয়েছে, যেখানে তিনি মেয়েকে নিয়ে বসবাস করতেন।
লিখিত অভিযোগ ও দলিলপত্র পর্যালোচনায় জানা গেছে, উক্ত দুই দাগের জমির বৈধ মালিক নুরুন্নাহার আখতার ও তাঁর কন্যা হাবিবা নওসীন। বর্তমানে সেখানে কোনো দরবার বা আস্থানা নেই।
ঘটনার সত্যতা যাচাই করতে সাংবাদিকরা সরেজমিনে তদন্ত শুরু করেন। অলিনগর গ্রামের বাসিন্দা আক্কাস আলী জানান, অলিনগরে মদন মস্তানের কোনো মাজার নেই। প্রকৃত মাজারটি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার কাতলামারি গ্রামে অবস্থিত।
কাতলামারি গ্রামের দরবার শরীফের খাদেম রেজাউল হক জানান, হযরত শাহ সুফি সুলতান আলফাজ উদ্দিন (মদন মস্তান) প্রায় ৩৬ বছর আগে ইন্তেকাল করেন এবং তাঁর মাজার কাতলামারিতেই অবস্থিত। অলিনগরে কোনো দরবার শরীফ নেই।
স্থানীয় আরও একাধিক ব্যক্তি জানান, পরিকল্পিতভাবে নারী কল্যাণ সংস্থার সাইনবোর্ড সরিয়ে কথিত দরবার শরীফের সাইনবোর্ড লাগিয়ে জমিটি দখল করা হয়েছে, যা আইনবিরোধী।
এদিকে আদালতে মামলা বিচারাধীন থাকা অবস্থায় জমির অবস্থান সংক্রান্ত প্রতিবেদনে গাংনী উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার জাকারিয়া হুসাইন মিথ্যা তথ্য দিয়েছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী। বিষয়টি পুনরায় তদন্তের দাবি জানান তিনি।
অন্যদিকে অভিযুক্ত সিরাজুল ইসলাম দাবি করেন, তিনি পৈতৃক সূত্রে জমিতে অবস্থান করছেন এবং নুরুন্নাহার আখতার ভুয়া দলিল তৈরি করে জমি দখলের চেষ্টা করছেন। বিষয়টি আদালতে বিচারাধীন বলেও তিনি জানান।
তবে প্রশ্ন উঠেছে—নুরুন্নাহার আখতার যদি হাফিজুর রহমানের স্ত্রী না হন, তাহলে তিনি মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছেন কীভাবে—এ প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি অভিযুক্ত পক্ষ।
ভুক্তভোগীরা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন ও ন্যায্য বিচারের দাবি জানিয়েছেন।
প্রিন্ট করুন









Discussion about this post