নাজমুল হাসান:
কুষ্টিয়া সদর উপজেলার ১০ নং উজানগ্রাম ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে অবস্থিত মাধপুর মোল্লার মোড় থেকে করিমপুর বাজারগামী সংযোগ সড়কটি যেন প্রশাসনিক অবহেলার জীবন্ত দলিল।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রায় ১৭ বছর আগে নির্মিত এই সড়কটিতে এক যুগেরও বেশি সময় ধরে কোনো ধরনের উন্নয়ন, মেইনটেনেন্স, রিপেয়ারিং কিংবা পুনঃনির্মাণ কাজ হয়নি। প্রশ্ন উঠছে—এতদিনে কি এই রাস্তা এলজিইডির উন্নয়ন তালিকা থেকেই বাদ পড়ে গেছে?
অনুসন্ধানে জানা গেছে, মাত্র ৭০০ থেকে ৮০০ মিটার দৈর্ঘ্যের এই সড়কটি দিয়ে প্রতিদিন অন্তত দশটি গ্রামের মানুষ চলাচল করে। অথচ রাস্তাটির বর্তমান অবস্থা এমন যে, সাধারণ মানুষের স্বাভাবিক যাতায়াতই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে গরু ব্যবসায়ী ও কৃষিপণ্য পরিবহনকারীরা এই রাস্তা দিয়ে যানবাহন নিয়ে চলতে গিয়ে চরম আতঙ্কে থাকেন। স্থানীয় এক ব্যবসায়ী জানান, “গাড়ি যেকোনো সময় উল্টে যেতে পারে—এই ভয় নিয়েই আমাদের চলাচল করতে হয়।”
স্থানীয়দের দাবি অনুযায়ী, এই রাস্তায় একাধিক দুর্ঘটনা ঘটেছে, তবে সেগুলোর কোনো লিখিত নথি বা সরকারি তদন্তের খবর পাওয়া যায়নি। এতে প্রশ্ন আরও জোরালো হচ্ছে—দুর্ঘটনা ঘটার পরও কেন সংশ্লিষ্ট দপ্তরের টনক নড়েনি?
সবচেয়ে গুরুতর বিষয় হলো, গত ১৭ বছরে বিভিন্ন সময়ে এলজিইডির আওতায় আশপাশের এলাকায় সড়ক উন্নয়ন ও সংস্কার কাজ হলেও এই গুরুত্বপূর্ণ সংযোগ সড়কটি বারবার উপেক্ষিত থেকেছে। স্থানীয়দের অভিযোগ, কাজ হয়েছে অন্যত্র, প্রয়োজন থাকা সত্ত্বেও এখানে নয়। ফলে সাধারণ মানুষের মনে তৈরি হয়েছে ক্ষোভ ও সন্দেহ—এটি কি নিছক অবহেলা, নাকি পরিকল্পিত উপেক্ষা?
গ্রামবাসীরা বলছেন, এত অল্প দৈর্ঘ্যের একটি সড়ক সংস্কার করতে যে বিপুল অর্থের প্রয়োজন নেই, সেটিও যখন বছরের পর বছর করা হয় না, তখন প্রশ্ন ওঠে উন্নয়ন পরিকল্পনার স্বচ্ছতা ও অগ্রাধিকার নির্ধারণ নিয়ে।
এলাকাবাসীর জোর দাবি, দ্রুত এই সড়কটির অবস্থা সরেজমিনে পরিদর্শন করে এলজিইডিকে জরুরি ভিত্তিতে মেরামত ও পুনঃনির্মাণের উদ্যোগ নিতে হবে। অন্যথায়, বড় কোনো দুর্ঘটনার দায় এড়ানো যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা।
এখন দেখার বিষয়—জনদুর্ভোগের এই চিত্রের দায় কি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নেবে, নাকি মাধপুর–করিমপুর সড়কটি অবহেলার তালিকায় আরও কয়েক বছর যুক্ত থাকবে?
কুষ্টিয়া সদর উপজেলার এলজিইডির উপজেলা প্রকৌশলী জনাব রোশান আহমেদ বলেন, এ সড়কের কাজ আগামীতে অবশ্যই করা হবে, তিনি এই রাস্তাটির মেরামতের আশ্বস্ত করেন
প্রিন্ট করুন








Discussion about this post