কুষ্টিয়া : কুষ্টিয়ার সাংস্কৃতিক অঙ্গণে প্রতিনিয়ত ছাপ রেখে যাচ্ছেন যিনি, তিনি হলেন কবি সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কনক চৌধুরী। সাবেক এই ব্যাংক কর্মকর্তার বর্তমান জীবন কাটছে পুরোটাই সংস্কৃতির সেবায়।
কনক চৌধুরীর জন্ম কুষ্টিয়া জেলার কালিশংকরপুরে। পিতা চৌধুরী জালাল উদ্দিন আহমেদ ও মাতা আবেদা খাতুন চৌধুরানীর পুত্র কনক চৌধুরী কিশোরকাল থেকেই সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত। প্রাচ্যের ক্যামব্রিজ খ্যাত রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞান বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর পাশ করার পরে কুষ্টিয়া থেকে ল’ ডিগ্রী অর্জন করেন তিনি।
খুব ছোটবেলা থেকেই লেখালেখির সাথে জড়িত তিনি। স্কুল কলেজের রচনা প্রতিযোগিতা থেকে শুরু করে পরবর্তীতে স্থানীয় ও জাতীয় দৈনিক এবং অন্যান্য পত্রিকায় নিয়মিত লেখালেখি করেছেন তিনি। সম্পাদনা করেছেন একাধিক লিটল ম্যাগাজিন। ‘প্রবাহ’ এর মধ্যে অন্যতম। লেখালেখি ছাড়াও একসময় সাংবাদিকতা করেছেন কয়েকটি জাতীয় দৈনিকের সাথে।
সেই কিশোরকাল থেকে লালন করা সংস্কৃতিপ্রেম এখন প্রবল হয়ে পড়েছে কনক চৌধুরীর জীবনে ও মননে। শিল্প-সংস্কৃতির সাথে অদ্যাবধি নিজেকে জড়িয়ে রেখেছেন নিবিড়ভাবে। কুষ্টিয়ার বেশ কিছু সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্বে রয়েছেন তিনি। প্রায় দুই যুগ ধরে সফলতার সাথে সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে আসা সংগঠন ‘সুন্দরম ললিতকলা একাডেমি, কুষ্টিয়া’র প্রতিষ্ঠাতা ও পরিচালক তিনি। এছাড়াও নন্দিত সাহিত্য সংগঠন ‘কাব্য সংসদ, কুষ্টিয়া’র সভাপতির দায়িত্ব পালন করছেন সফলভাবে।
সাংস্কৃতিক অঙ্গনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক উপস্থাপনায় রয়েছে তাঁর সরব বিচরণ। ফকির লালন শাহ এর স্মরণোৎসব, তিরোধান দিবস এবং শিলাইদহের কুঠিবাড়িতে অনুষ্ঠিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীর জাতীয় পর্যায়ের অনুষ্ঠানে প্রায় এক যুগেরও বেশি সময় ধরে উপস্থাপনার দায়িত্ব পালন করেন তিনি। এছাড়াও কুষ্টিয়া জেলা প্রশাসন সহ স্থানীয় প্রায় সকল সরকারি-বেসরকারি অনুষ্ঠানে কৃতিত্ব ও সুনামের সাথে উপস্থাপনা করে আসছেন তিনি।
কবি ও সাহিত্যিক হিসেবেও তাঁর খ্যাতি রয়েছে। একে একে তিনি বেশ কয়েকটি গ্রন্থ রচনা করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো: রহস্যময় একজন (উপন্যাস), কেউ নেই সেখানে (উপন্যাস), অন্তহীন অন্তরালে (উপন্যাস), মৌমিতা (উপন্যাস), অমানিশা (উপন্যাস), গল্প কথা (গল্পগ্রন্থ), এই তো সেদিন (কাব্যগ্রন্থ)। তিনি মূলত উপন্যাস লিখতে পছন্দ করেন। তাঁর লেখা থাকে রহস্যে ঘেরা। যা পাঠক মনকে ব্যাকুল করে তোলে। আসছে বইমেলা ২০২৬ এ তাঁর নতুন উপন্যাস ‘সুহাসিনী’ এখন প্রকাশের অপেক্ষায়।
সাংস্কৃতিক অঙ্গনের পাশাপাশি সামাজিক কাজেও তাঁকে দেখতে পাওয়া যায়। জড়িত আছেন বেশ কিছু সামাজিক সংগঠনের সাথে। বাংলাদেশ পরিবার-পরিকল্পনা সমিতি (এফপিএবি) কুষ্টিয়া শাখার সহ-সভাপতি তিনি। এছাড়াও সাংস্কৃতিক সংগঠন হিসেবে জেলা শিল্পকলা একাডেমি, কুষ্টিয়া এবং লালন একাডেমির আজীবন সদস্য তিনি। বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদ, কুষ্টিয়া শাখার কোষাধ্যক্ষের পাশাপাশি তরুণ সাংস্কৃতিক কর্মীদের সাড়া জাগানিয়া সংগঠন তরঙ্গের সাথে যুক্ত আছেন উপদেষ্টা হিসেবে।
মূলত তিনি একজন অনুষ্ঠান উপস্থাপক এবং আপাদমস্তক সাংস্কৃতিক কর্মী। এরই ধারাবাহিকতায় তিনি কুষ্টিয়াতে বেশ কিছু বৃহৎ অনুষ্ঠানের আয়োজন করেছেন। তিনদিনব্যাপী ‘হারানো দিনের গানের সন্ধ্যা’, পাঁচদিনব্যাপী ‘নবান্ন উৎসব ও মেলা’, দেশবরেণ্য খ্যাতিমান শিল্পীর একক সঙ্গীতানুষ্ঠান, দিনব্যাপী ‘কবিতা উৎসব’ এর মধ্যে উল্লেখযোগ্য।
ব্যাক্তিগত জীবনে কনক চৌধুরী এবং নাজমুন নাহার দম্পতির এক পুত্র ও এক কন্যা রয়েছে। বর্তমানে তাঁর সময় কাটে গাছ-পালার যত্ন নিয়ে, লেখালেখি করে এবং নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডের পরিকল্পনা ও সেগুলো বাস্তবায়ন নিয়ে। ভবিষ্যতে আরও ব্যাতিক্রম কিছু অনুষ্ঠান কুষ্টিয়াবাসীকে উপহার দেওয়ার চিন্তা রয়েছে তাঁর।
কুষ্টিয়ার সাংস্কৃতিক ক্ষেত্রে কনক চৌধুরীর এই বিচরণ যুগ যুগ ধরে উল্লেখিত থাকবে।
প্রিন্ট করুন







Discussion about this post