কুষ্টিয়া : কুষ্টিয়ায় মূল্য তালিকায় ঘোষিত দামের চেয়ে অধিক মূল্যে সয়াবিন তেল বিক্রির প্রমাণ পাওয়ায় মেসার্স হিরালাল আগরওয়ালা এন্ড সন্স নামের এক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে পণ্যের স্টক রেজিস্টার ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ, মূল্য তালিকায় সঠিক মূল্য প্রদর্শন এবং অতিমুনাফা ও অতিমজুদ থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান করা হয়।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়ের উদ্যোগে কুষ্টিয়া সদর উপজেলার বড়বাজার ও রাজারহাট বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরর কুষ্টিয়ার সহকারী পরিচালক মোঃ মাসুম আলী।
তিনি বলেন, অভিযানে ছোলা, খেজুর ও খোলা সয়াবিন তেলের পাইকারি ও খুচরা বাজার মনিটরিং করা হয়। সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানের পণ্যের স্টক রেজিস্টার, ক্রয়-বিক্রয় ভাউচার এবং মূল্য তালিকা যাচাই করা হয়। এসময় মূল্য তালিকায় ঘোষিত দামের চেয়ে অধিক মূল্যে সয়াবিন তেল বিক্রির প্রমাণ পাওয়ায় মেসার্স হিরালাল আগরওয়ালা এন্ড সন্স নামের এক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আসন্ন রমজানকে সামনে রেখে মুদি ব্যবসায়ীদের অতিমুনাফা ও অতিমজুদ না করার বিষয়ে সতর্ক করা হয় এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য স্বাভাবিক মূল্যে বিক্রির আহ্বান জানানো হয়।
প্রিন্ট করুন








Discussion about this post