নিজস্ব প্রতিনিধি : ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।
রোববার (২২ ফেব্রুয়ারি) প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এর মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সাখাওয়াত হোসেন খান।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক-এর উপধারা (১) এর অনুবৃত্তিক্রমে করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।
এতে আরও বলা হয়, নিয়োগপ্রাপ্ত প্রশাসক সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। বিধি মোতাবেক তিনি ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রশাসক হিসেবে মো. সাখাওয়াত হোসেন খান সিটি করপোরেশনের সার্বিক প্রশাসনিক কার্যক্রম পরিচালনা ও তদারকি করবেন। নগরীর উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখা এবং নাগরিক সেবা কার্যক্রম সচল রাখাই হবে তার প্রধান দায়িত্ব।
প্রিন্ট করুন








Discussion about this post