কুষ্টিয়া: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন তার বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।
শনিবার সকালে কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে “ইবি’র বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী” ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত শিক্ষিকার স্বামী ইমতিয়াজ সুলতান। এছাড়াও প্রাক্তন শিক্ষার্থী শাহাবুদ্দিন শেখ, নাহিদুল হাসান সোহানসহ আরও অনেকে বক্তব্য দেন।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন শিক্ষকের এমন নৃশংস হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের জন্য নয়, পুরো শিক্ষা সমাজের জন্য গভীর উদ্বেগ ও শোকের বিষয়। তারা দ্রুত তদন্ত শেষ করে হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, প্রিয় শিক্ষিকার হত্যার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। অন্যথায় শিক্ষার্থীরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।
এর আগে আসমা সাদিয়া রুনার স্বামী ইমতিয়াজ সুলতানের দায়ের করা হত্যা মামলায় প্রধান আসামি ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ফজলুর রহমানকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। বর্তমানে গুরুতর আহত অবস্থায় তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার সকালে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
গত বুধবার (৫ মার্চ) রাতে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় নিহত শিক্ষিকার স্বামী ইমতিয়াজ সুলতান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ফজলুর রহমানকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া মামলার ২ নম্বর আসামি হিসেবে উম্মুল মোমেনিন আয়েশা সিদ্দিকা হলের সহকারী রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাস, ৩ নম্বর আসামি হিসেবে সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার এবং ৪ নম্বর আসামি হিসেবে সহকারী অধ্যাপক হাবিবুর রহমানকে অন্তর্ভুক্ত করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বাদী ইমতিয়াজ সুলতান অভিযোগ করেন, বিভাগের দুই শিক্ষক ও এক কর্মকর্তার দীর্ঘদিনের পরিকল্পনা ও নির্দেশে কর্মচারী ফজলুর রহমান আসমা সাদিয়া রুনাকে হত্যা করেন।
এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, “এ মামলার প্রধান আসামি ফজলুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বর্তমানে হাসপাতালে তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তার আহত হওয়ার বিষয়টি এবং চিকিৎসার বিষয় আদালতকে লিখিতভাবে জানানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
প্রিন্ট করুন








Discussion about this post