নাজমুল হাসান:
গত ১ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে দেশের পাঁচটি জেলার জেলা প্রশাসক (ডিসি) বদলি করা হয়।
ওই তালিকায় কুষ্টিয়া জেলার জেলা প্রশাসক ইকবাল হোসেনের বদলির বিষয়টিও উল্লেখ ছিল। তবে প্রজ্ঞাপন জারির পর প্রায় দশ দিন পার হলেও এখনো কুষ্টিয়া জেলায় নতুন কোনো জেলা প্রশাসক যোগদান করেননি।
এ অবস্থায় জেলায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক প্রশাসনিক দায়িত্ব পালন করলেও আর্থিক (ফিনান্সিয়াল) বিষয়ে তার দায়িত্ব প্রদান করা হয়নি। ফলে বিভিন্ন দপ্তরের অনেক গুরুত্বপূর্ণ ফাইল জেলা প্রশাসকের স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। এতে কিছু দাপ্তরিক কার্যক্রমে সাময়িক ধীরগতি দেখা দিয়েছে।
তবে কুষ্টিয়াবাসীর প্রত্যাশা, দ্রুত সময়ের মধ্যেই জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হবে এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে।
এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি জানান, এটি সরকারের একটি স্বাভাবিক প্রক্রিয়া। যেকোনো সময় শূন্য পদে নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হবে।
এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন অনুবিভাগের যুগ্মসচিব মোঃ তৌফিক ইমাম বলেন, একটি জেলার, জেলা প্রশাসকের পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে এবং আগামী এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যেই নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়ার চেষ্টা চলছে।
এদিকে কুষ্টিয়া জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল-ইসলাম জানান, তাকে প্রশাসনিক এবং ফিনান্সিয়াল সিগনেচার পাওয়ার দুটোই দেওয়া হয়েছে, বিগত ডিসি মহোদয় তাকে সকল কিছু বুঝিয়ে দিয়েছেন। এমনটি জানিয়েছেন তিনি।
কুষ্টিয়া জেলার প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও স্বাভাবিক রাখতে দ্রুত নতুন জেলা প্রশাসক নিয়োগ হবে—এমন প্রত্যাশাই জেলাবাসীর।
প্রিন্ট করুন







Discussion about this post