কুষ্টিয়া : কুষ্টিয়া শহরে এলপিজি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে এক প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১ এপ্রিল) কুষ্টিয়া সদর উপজেলার এন.এস রোড ও কাটাইখানা মোড় এলাকায় তদারকিমূলক এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মূলত এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রয়কারী দোকানগুলোতে মনিটরিং করা হয়।
অভিযান নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক মো: মাসুম আলী। তিনি বলেন, আগামীকাল থেকে গ্যাসের দাম বাড়বে” এমন অজুহাতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছিল। এমন অভিযোগের ভিত্তিতে এন.এস রোডের ‘আলিফ আখলাক স্টোর’-এ গুরুতর অভিযান চালিয়ে এমন অনিয়ম ধরা পড়ে। প্রতিষ্ঠানটি “আগামীকাল থেকে গ্যাসের দাম বাড়বে” এমন অজুহাতে পূর্বে কম দামে (১৩০০–১৩৮০ টাকা) ক্রয় করা ১২ কেজির এলপিজি সিলিন্ডার সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে, প্রায় ১৮০০ টাকায় বিক্রি করছিল।
এ ঘটনায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে এবং ভোক্তা স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও দায়িত্বপ্রাপ্ত উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক। আইনশৃঙ্খলা রক্ষায় উপস্থিত ছিলেন জেলা পুলিশের একটি চৌকস টিম এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১২ কুষ্টিয়া ক্যাম্পের একটি টহল দল।
প্রিন্ট করুন








Discussion about this post