খোকসা প্রতিনিধিঃ
বাংলাদেশের বিভিন্ন উপজেলা পর্যায়ের পৌরসভাগুলোতে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা দীর্ঘদিন ধরে চরম ভোগান্তির মধ্যে দিন কাটাচ্ছেন। নিয়মিত বেতন না পাওয়া, আর্থিক অনিশ্চয়তা এবং কর্মক্ষেত্রে নানাবিধ সমস্যার পাশাপাশি এবার নতুন করে যুক্ত হয়েছে নিজস্ব অর্থ ব্যয়ে ট্যাক্স আদায়ের চাপ—যা তাদের জন্য একেবারেই অমানবিক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, অনেক পৌরসভায় কর্মকর্তা-কর্মচারীদের বেতন মাসের পর মাস বকেয়া থাকে। এই অবস্থায়ও তাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ট্যাক্স আদায়ের দায়িত্ব পালন করতে হচ্ছে। আরও উদ্বেগজনক বিষয় হলো—এই ট্যাক্স সংগ্রহ করতে গিয়ে তাদের নিজস্ব পকেটের টাকা খরচ করতে হচ্ছে।
পৌরসভার কর্মকর্তাদের অভিযোগ, স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠান যেমন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সরকারি কলেজ, সরকারি মাধ্যমিক বিদ্যালয়সহ অন্যান্য প্রতিষ্ঠানে ট্যাক্স আদায় করতে গেলে টাকার বিনিময় ছাড়া হয় না।
একজন পৌরকর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা নিজেরাই বেতন পাই না ঠিকমতো, আবার নিজের টাকা খরচ করে ট্যাক্স তুলতে যেতে হয়। এতে আমাদের পরিবার চালানোই কঠিন হয়ে পড়েছে।”
বিশেষজ্ঞদের মতে, এই ধরনের পরিস্থিতি দীর্ঘমেয়াদে প্রশাসনিক দুর্বলতা ও দুর্নীতির ঝুঁকি বাড়ায়। যখন একজন কর্মচারী তার মৌলিক চাহিদা পূরণ করতে পারে না, তখন সে বাধ্য হয়ে অনৈতিক পথে যেতে পারে—যা পুরো ব্যবস্থার জন্য হুমকি।
এ বিষয়ে সচেতন মহল মনে করে, সরকারকে দ্রুত এ সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পৌরসভার আর্থিক কাঠামো শক্তিশালী করা, কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত বেতন নিশ্চিত করা।
দেশকে দুর্নীতিমুক্ত ও কার্যকর প্রশাসনিক ব্যবস্থার দিকে এগিয়ে নিতে হলে তৃণমূল পর্যায়ের এই সমস্যাগুলো দ্রুত সমাধান করা এখন সময়ের দাবি।
প্রিন্ট করুন








Discussion about this post