ইরফান উল্লাহ, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছবি সংবলিত ব্যানার ছিঁড়ে ফেলার প্রতিবাদে সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
আগামি সাত কর্মদিবসের মধ্যে শিক্ষিকা রুনা ও শিক্ষার্থী সাজিদ হত্যার বিচার এবং জাতীয় পতাকা-খালেদা জিয়ার ছবি অবমাননার ঘটনায় দৃশ্যমান পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষক নেতারা।
রবিবার (১৯ এপ্রিল) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে এ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে অংশ নেয় ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব), জিয়া পরিষদ, শাখা ছাত্রদল এবং বিএনপিপন্থি কর্মকর্তা সমিতির বিভিন্ন ইউনিট।
সমাবেশে ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ইউট্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান, জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান, সাবেক সভাপতি অধ্যাপক ড. নজিবুল হক, শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. মিজানূর রহমান, সিনিয়র অধ্যাপক ড. আলীনূর রহমান, জিয়া পরিষদের সেক্রেটারি অধ্যাপক ড. রফিকুল ইসলাম ও ইউট্যাবের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রশিদুজ্জামান, জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিটের সভাপতি মো. আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক গোলাম মাহফুজসহ অন্যান্য শিক্ষক কর্মকর্তারা। এছাড়া অনলাইনে যুক্ত ছিলেন ইউট্যাবের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেন।
সমাবেশে শিক্ষক নেতারা বলেন, জাতীয় পতাকাকে পদদলিত করা এবং দেশের সাবেক প্রধানমন্ত্রীর ছবি অবমাননা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি পরিকল্পিত ও ন্যক্কারজনক কর্মকাণ্ড। কিছু গোষ্ঠী বিভিন্ন আন্দোলনের নামে প্রশাসন ভবনে তালা দিয়ে ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ নষ্ট করছে। এসব কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। দীর্ঘদিন শিক্ষিকা আসমা সাদিয়া রুনা ও শিক্ষার্থী সাজিদের হত্যার বিচারের দাবিতে চলমান শান্তিপূর্ণ আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এই ঘটনা ঘটানো হয়েছে।
অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান বলেন, বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে থাকা কর্মকর্তারা যদি এমন ঘটনা দেখেও ব্যবস্থা নিতে ব্যর্থ হন, তবে তাদের দায়িত্বে থাকার দরকার নেই।
অধ্যাপক ড. এমতাজ হোসেন বলেন, বর্তমান প্রশাসনের বিচারহীনতার সংস্কৃতির কারণেই এ ধরনের ঘটনা ঘটছে। সিসি ক্যামেরার মাধ্যমে জড়িতদের শনাক্ত করে ২৪ ঘণ্টার মধ্যে শাস্তির আওতায় আনতে হবে।
অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান বলেন, ঘটনাটি গত ১৫ তারিখের হলেও প্রশাসন নিজ থেকে এ বিষয়ে পদক্ষেপ নেয়নি।
এদিকে এ ঘটনায় হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. আব্দুস শাহীদ মিয়াকে আহ্বায়ক ও উপ-পরীক্ষা নিয়ন্ত্রক শহিদুল ইসলামকে সদস্য সচিব করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি করেছে প্রশাসন। কমিটিকে ব্যানার ছিঁড়ে ফেলা, ভাংচুর করা, উত্তানীমূলক কর্মকান্ড ও প্রধান ফটকে তালা দেয়ার ঘটনা তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. কাজী মোস্তফা আরিফ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. শাহাবুল আলম ও সহকারী প্রক্টর অধ্যাপক ড. খাইরুল ইসলাম।
প্রিন্ট করুন










Discussion about this post