এনামুল হক , কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার হরিপুর এলাকায় পদ্মা নদীর মাঝে বালু সন্ত্রাসীদের সাথে নৌ-পুলিশ সদস্যদের বন্দুকযুদ্ধের ঘটনায় ফাঁড়ি ইনচার্জসহ ৫ পুলিশ সদস্য গুলিবিদ্ধের ঘটনা ঘটেছে।
তবে গুলিবিদ্ধ সন্ত্রাসীরা ঘটনার পর থেকে পলাতক হওয়ায় তাদের হতাহতের বিষয়ে কোন তথ্য নিশ্চিত করতে পারেনি পুলিশ।
এঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত নৌ-পুলিশ সদস্যরা হলেন- লক্ষীকুন্ডা ফাঁড়ি ইনচার্জ শফিকুল ইসলাম, নৌ-পুলিশ সদস্য এনামুল হক, শাহিনুল হক, নাজমুল হাসান, ও মানিক মিয়া। আহতরা সবাই ঈশ্বরদীর লক্ষীকুন্ড নৌ-পুলিশ ফাঁড়িতে কর্মরত। আহতদের মধ্যে পুলিশ সদস্য শাহিনুল হকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়’।
ঘটনাটি নিশ্চিত করে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মশিউর রহমান জানান, মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১টা থেকে ২টার মধ্যে কুষ্টিয়ার হরিপুর এলাকায় পদ্মা নদীতে স্বাভাবিক রুটিন মাফিক নৌ-পুলিশের টহল ডিউটিরত অবস্থায় অজ্ঞাত দূর্বৃত্তরা অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি চালায়। এতে ৫ পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন।
পদ্মা নদীর মাঝখানের ওই ঘটনাস্থলের নিকটস্থ আশপাশ এলাকায় মাছ ধরা জেলে ও বালুবাহী নৌকার মাঝিদের সূত্রে জানা যায়, রাত দেড়টার দিকে পদ্মা নদীর চরভবানীপুর এলাকার যেখানে ড্রেজার দিয়ে বালু তুলে ট্রলার লোড দেয় সেখানে হঠাৎ করে গুলাগুলির শব্দ শোনা যায়। কিছুক্ষন পরে কয়েকটা ছোট ছোট ইঞ্জিন বোট এবং স্পীডবোটে করে পশ্চিমে এবং পূর্বের দিকে গুলি ছুড়তে ছুড়তে দ্রুত গতিতে পালিয়ে যায়। এসময় কিছু লোকজন শোর চিৎকার করছিলো এবং আশপাশে কেউ আছে কি না, থাকলে তাদের কাছে সাহায্য চাচ্ছিলো। পরে কয়েকটি মাঝধরা নৌকার জেলেরা কাছাকাছি এসে দেখতে পায় নৌ-পুলিশের টহল নৌকাতে পুলিশ সদস্যরা আহত হয়ে পড়ে আছে। ওই সময় ঘটনাস্থলে আসা জেলে ও মাঝি মাল্লাদের সাহায্যে আহত পুলিশ সদস্য নদীর পাড়ে এসে উঠে। পরে ফজরের আজানের কিছু আগে পাবনা ও ঈশ্বরদী থেকে পুলিশ এসে এবং ফায়ার সার্ভিসের লোকজন তাদের নিয়ে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যায়’।
কুষ্টিয়ার চর ভবানীপুরের জেলে আজিজুল বলেন, ‘ঠিক বুঁইজি উঠতি পাল্লাম না, প্রতিদিনই তো ডিজারালারা যেকেনে বালু কাটে সেকেনে পুলিশ আসে তাদের সাথে কতাবাত্রা বুইলি চইলি যায়। আইজ আবার কি এমন ঘইঠলি যে পুলিশের সাতেই গুলাগুলি হলি। এতোদিন দেকি আসতিচি, গাঙেতিন বালু তুলা লিয়ে এক এক সুমাই এক এক গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া, হামলা, গুলাগুলির ঘটনা একেনে চাইল পানির ব্যাপার’। ওসব উর কাম উরা করে আমার কাম(মাছধরা) আমরা করি’।
নাম পরিচয় প্রকাশ না করার শর্তে মিরপুর উপজেলার তালবাড়িয়া এলাকার বালুবাহী ট্রলার মাঝি বলেন, ‘আম্লিগের সুমায় একটা নিয়মের মদ্যি দিয়ে ট্যাকা লিয়ে আমাদের বালু ভরতি দিতো। ওই ভেড়ামারা রাইটা ঘাটেতিন শুরু করি কুমারখালী চরসাদিপুর এলাকা পর্যন্ত প্রায় সাড়ে ৪শ টলারে বালু তুলা হয়। প্রতিনৌকা থেকে পুলিশের একটা নির্দিষ্ট পরিমান টাকা এবং ইজিদ্দারদের (অবৈধ) লোক এসে টাকা লিয়ে আমাদের বালু ভত্তি দেয়। সব মিলিয়ে প্রতিদিন এক একটা ট্রলার থেকে ২৫ থেকে ৩৫ হাজার টাকা আদায় হয়। ৫ আগষ্টের পরে এই বালুর ট্যেকার ভাগ নিয়ার জন্যি এখন কয়েকটা গ্রুপ গাঙে লাইবি এই দখল যুদ্ধ করি যাচ্ছে। আমাদের সাথে কারো কোন বিরোধ নেই। যখন যারা ইজিদ্দার হয়ে আসে তখন তারে ট্যেকা দিই বালু ভরি’।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা: শংকর কুমার জানান, ‘বুধবার সকাল ১০টার দিকে লক্ষীকুন্ডা নৌ-পুলিশ ফাঁড়িতে কর্মরত শাহিনুল হক নামের এক পুলিশ সদস্য বামচোখে গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায় মেডিকেলের ২৫নং সার্জারি ওয়ার্ডে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছেন। তার প্রয়োজনীয় চিকিৎসা চলছে। তবে এখনও আশঙ্কামুক্ত নয়’।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মশিউর রহমান জানান, ‘পদ্মা নদীতে টহল ডিউটিরত অবস্থায় নৌপুলিশের সাথে গুলাগুলির ঘটনায় আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে পাবনা ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ প্রেরণ করে মোতায়েন করা হয়েছে। এঘটনায় জড়িতদের শনাক্তকরনসহ গ্রেপ্তারের অভিযান চলছে’।
প্রিন্ট করুন








Discussion about this post