মোহাম্মদ সোহেল (টাঙ্গাইল)
টাঙ্গাইলের ভূঞাপুরে মাদকবিরোধী অভিযানে এক মাদক কারবারিকে তিন মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার, ১০ মে সন্ধ্যায় উপজেলার বাগবাড়ী গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, ভূঞাপুর থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলামের নেতৃত্বে একটি টিম বাগবাড়ী গ্রামের জিগাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছন থেকে হাসান, বয়স ২২, নামের এক যুবককে মাদকসহ আটক করে। হাসান বাগবাড়ী গ্রামের ভূঁইয়াবাড়ির বিপ্লব ভূঁইয়ার ছেলে। পরে তার থাকার ঘর তল্লাশি করে গাঁজা, ইয়াবাসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুব হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক কারবারি হাসানকে তিন মাসের কারাদণ্ড দেন। এ সময় ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাব্বির রহমান উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি একটি ভিডিও ফুটেজে জিগাতলা গ্রামের নূর ইসলাম কবিরাজের ছেলে আরশিক, বয়স ২০, এর সঙ্গে মাদক সেবন ও উল্লাস করতে দেখা যায় হাসানকে। তারা ইয়াবা ও বিদেশি মদসহ বিপুল পরিমাণ মাদক নিয়ে একটি ঘরের ভেতর উল্লাস করছিল। এছাড়া প্রায় এক মাস আগেও হাসানকে মাদকসহ গ্রেপ্তার করে আদালতে পাঠানো হলে তিনি জামিনে ফিরে এসে আবারও মাদক বিক্রি করছিলেন। এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাব্বির রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামি হাসানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এলাকায় আর কেউ মাদক ব্যবসা বা সেবনের সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” এ বিষয়ে ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুব হাসান বলেন, “ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক কারবারি হাসানকে তিন মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। মাদক সমাজের জন্য অভিশাপ। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী মাদকের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান চালিয়ে যাচ্ছে। মাদক ব্যবসায়ী ও সেবনকারী কেউ ছাড় পাবে না। অভিযান আরও জোরদার করা হবে।”
প্রিন্ট করুন









Discussion about this post