‘বই আনন্দ ও জ্ঞানের অপূর্ব এক সমাহার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সম্পন্ন হলো আদর্শ পাঠাগার বইপড়া উৎসবের প্রতিযোগিতামূলক পরীক্ষা।
শুক্রবার (১৫ই সেপ্টেম্বর) সকালেমৌলভীবাজারের কুলাউড়া ভাটেরা গার্লস স্কুলে বৃহৎ পরিসরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রথমবারের মতো উপজেলা শহরের সীমানা পেরিয়ে ভাটেরা গার্লস স্কুলে বইপড়ার এ আয়োজন অনুষ্ঠিত হয়। এই আয়োজনের মধ্য দিয়ে ইউনিয়ন পর্যায়ে প্রতিষ্ঠান ভিত্তিক বইপড়ার যাত্রা শুরু হলো।
‘আদর্শ পাঠাগার’ এর প্রতিষ্ঠাতা ও পরিচালক, এই আয়োজনের মূল সঞ্চালক ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ খালিক উদ্দিন বলেন, ২০১৯ সালে ‘আদর্শ পাঠাগার’ প্রতিষ্ঠার পর থেকে নিয়মিত বইপড়ার প্রতিযোগিতার আয়োজন করে আসছি। ইতোমধ্যে কেবল এই আয়োজনের মাধ্যমে অর্ধ সহস্রাধিক ছাত্র-ছাত্রীকে বিভিন্ন আয়োজনে আনুষ্ঠানিকভাবে বই পড়িয়ে পুরস্কৃত করা হয়েছে। তবে সবগুলো আয়োজন কুলাউড়া শহর কেন্দ্রীক অনুষ্ঠিত হয়। এই প্রথম বইপড়ার এই উদ্যোগটি শহরের বাহিরের কোনো প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হলো, যা এখন থেকে ধারাবাহিকভাবে শহর ও ইউনিয়ন দু’টি পর্যায়ে নিয়মিত আয়োজন করা হবে।
উক্ত আয়োজনের অপর সঞ্চালক কুলাউড়া সরকারী কলেজের প্রভাষক মোঃ মাহফুজুর রহমান বলেন, জ্ঞান চর্চার এই ক্রান্তিকালে ‘আদর্শ পাঠাগার’ এর এই উদ্যোগ এ প্রজন্মের শিক্ষার্থীদের মেধাসম্পন্ন আদর্শ মানুষ হতে ব্যাপকভাবে সাহায্য করবে তাতে কোনো সন্দেহ নেই।
প্রিন্ট করুন







Discussion about this post