স্টাফ রিপোর্টার : নিটসহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে চলমান আন্দোলনের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র পাঠানোর কথা জানান।
ধর্মেন্দ্র প্রধান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, তিনি দেশের তরুণদের আকাঙ্ক্ষা ও প্রত্যাশার প্রতি সম্মান জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। দেশের সেবা করার সুযোগ দেওয়ার জন্য তিনি মোদির প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।
জানা গেছে, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষার্থীদের দীর্ঘদিনের আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ। দিল্লির যন্তর-মন্তরে এক মাসেরও বেশি সময় ধরে চলা বিক্ষোভে আন্দোলনকারীরা সরকারের কাছে তিনটি দাবি তুলে ধরেছিলেন।
এসব দাবির মধ্যে ছিল—ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়া এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণ দেওয়া।
এর আগে কেন্দ্র সরকার আন্দোলনকারীদের দ্বিতীয় ও তৃতীয় দাবির বিষয়ে আশ্বাস দিলেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি। তবে শনিবার ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের ঘোষণার পর আন্দোলনকারীরা দাবি পূরণ হয়েছে বলে প্রতিক্রিয়া জানান।
পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর দিল্লির যন্তর-মন্তরে অবস্থানরত শিক্ষার্থীরা উল্লাস প্রকাশ করেন। তারা স্লোগান দিয়ে এ সিদ্ধান্তকে স্বাগত জানান।
আন্দোলনকারী সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি) এক্সে দেওয়া এক পোস্টে লিখেছে, ‘শিক্ষার্থীদের শক্তির জয় হোক।’
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে শুরু হওয়া এই আন্দোলন সাম্প্রতিক সময়ে ভারতের বড় রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়। বিরোধী দলগুলোও শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে সরকারের ওপর চাপ সৃষ্টি করে আসছিল।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন







Discussion about this post