স্টাফ রিপোর্টার : দেশের বাজারে আবারও কমেছে সোনার গহনার দাম। স্থানীয় বাজারে তেজাবী (পিওর) সোনার দাম কমে যাওয়ায় সব ধরনের সোনার গহনার নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এ দাম বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানায়, বৃহস্পতিবার স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন দামের তথ্য প্রকাশ করা হয়।
নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেট বা সর্বোচ্চ মানের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। একইভাবে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৩ হাজার ১৪৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা।
এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৫ হাজার ৩৬৫ টাকা কমিয়ে ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ৬ জুলাইও সোনার গহনার দাম কমিয়েছিল বাজুস। সেদিন ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা নির্ধারণ করা হয়। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৩ হাজার ১৫০ টাকা কমিয়ে করা হয় ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা।
একই সময়ে ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ২ হাজার ৬৮২ টাকা কমিয়ে ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা নির্ধারণ করা হয়। বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত এ দামেই সোনার গহনা বিক্রি হয়েছে।
ফলে ৬ জুলাই ও ৯ জুলাই—এই দুই দফায় ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম মোট ৬ হাজার ৫৯০ টাকা কমেছে।
সোনার পাশাপাশি রুপার গহনার দামও কমিয়েছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম ২৯২ টাকা কমিয়ে ৪ হাজার ৬০৭ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম ২৯২ টাকা কমিয়ে ৪ হাজার ৩৭৪ টাকা করা হয়েছে।
এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম ২৩৩ টাকা কমিয়ে ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার গহনার দাম ১৭৫ টাকা কমিয়ে ২ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন








Discussion about this post