কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি : ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ ঘিরে বাংলাদেশে আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাসের কমতি নেই। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পবনারপাড় গ্রামে ব্যতিক্রমী আয়োজন করেছেন আর্জেন্টিনা সমর্থকরা। ফাইনাল ম্যাচ উপলক্ষে এলাকাবাসী, এতিম ও অসহায় মানুষের জন্য গরু জবাই করে বিশাল ভূরিভোজের আয়োজন করা হয়েছে।
রোববার পবনারপাড় গ্রামের আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর উদ্যোগে কেএম চাঁদ মিয়া পাবলিক লাইব্রেরি অ্যান্ড স্পোর্টিং ক্লাব চত্বরে এ আয়োজন করা হয়। প্রিয় দলের সাফল্য কামনা এবং ফাইনাল ম্যাচের আনন্দ ভাগাভাগি করে নিতে কয়েকশ মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হয়।
সকাল থেকেই ক্লাব চত্বরে আর্জেন্টিনার সমর্থকরা পতাকা ও জার্সি পরে জড়ো হতে থাকেন। ফাইনাল ম্যাচ বড় পর্দায় উপভোগের জন্য সেখানে প্রজেক্টর, সাউন্ড সিস্টেমসহ প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে। খেলা শুরুর আগেই পুরো এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
জানা গেছে, কোটালীপাড়া উপজেলার বিভিন্ন এলাকাতেও আর্জেন্টিনার সমর্থকরা ভূরিভোজের আয়োজন করেছেন। বিভিন্ন ক্লাবে খেলা দেখার জন্য বড় পর্দা স্থাপন করা হয়েছে। পাশাপাশি ক্লাব, সংগঠন ও ব্যক্তিগত উদ্যোগে বাড়িতে বাড়িতেও চলছে নানা আয়োজন।
পবনারপাড় গ্রামের আর্জেন্টিনা সমর্থক বরকতউল্লাহ বলেন, “২০২২ সালে আর্জেন্টিনার ফাইনাল খেলা উপলক্ষে আমরা ভূরিভোজের আয়োজন করেছিলাম। সেই ধারাবাহিকতায় এবারও ফাইনাল উপলক্ষে ১ লাখ ৩০ হাজার টাকা দিয়ে একটি গরু কিনেছি। আর্জেন্টিনার সমর্থকদের পাশাপাশি এতিম ও অসহায় মানুষের জন্যও খাবারের আয়োজন করা হয়েছে।”
আর্জেন্টিনার সমর্থক শিক্ষক শিপন ঘরামী বলেন, “আমরা আর্জেন্টিনার অন্ধ ভক্ত। দল ফাইনালে ওঠায় আমরা সবাই আনন্দিত। এই আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই সবাই মিলে গরু জবাই করে খাবারের আয়োজন করেছি।”
কোটালীপাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব ও আর্জেন্টিনা সমর্থক মান্নান শেখ বলেন, “আর্জেন্টিনার ফাইনাল খেলা উপলক্ষে কান্দি ইউনিয়নের সমর্থকরা ১২টি স্থানে প্রায় ৮ হাজার মানুষের খাবারের আয়োজন করেছেন। আমরা সবাই মিলে বড় পর্দায় খেলা উপভোগ করব।”
কোটালীপাড়ার আর্জেন্টিনা সমর্থকদের এ ব্যতিক্রমী উদ্যোগ এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। জয়-পরাজয় যাই হোক, ফুটবলকে ঘিরে মানুষের এই মিলন ও আনন্দ আয়োজনই হয়ে উঠেছে উৎসবের মূল আকর্ষণ।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন










Discussion about this post