এসএম জামাল, কুষ্টিয়া: শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা, জ্ঞানচর্চা বৃদ্ধি এবং সৃজনশীল, মানবিক ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কুষ্টিয়ার এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজে ‘বই পড়া প্রতিযোগিতা’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “শিক্ষার্থীদের নিয়মিত পড়ালেখার মধ্যেই থাকতে হবে। কারণ, সুশিক্ষাই একজন মানুষকে বড় হতে, নিজের দক্ষতা গড়ে তুলতে এবং জীবনে সফলতার পথে এগিয়ে যেতে সহায়তা করে।”
তিনি বলেন, “সফলতার কোনো শর্টকাট নেই। কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং শেখার আগ্রহই একজন মানুষকে অনন্য উচ্চতায় নিয়ে যায়। বই মানুষের সবচেয়ে ভালো বন্ধু। পাঠ্যবইয়ের পাশাপাশি সাহিত্য, ইতিহাস, বিজ্ঞান, মুক্তিযুদ্ধ এবং সমসাময়িক বিষয়ভিত্তিক বই পড়ার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান, চিন্তাশক্তি ও মূল্যবোধ সমৃদ্ধ হয়।”
জেলা প্রশাসক বিশ্বের অন্যতম প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক-এর উদাহরণ তুলে ধরে বলেন, “তিনি একদিনে সফল হননি। নিরলস পরিশ্রম, উদ্ভাবনী চিন্তা এবং ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়ার মানসিকতার মাধ্যমে তিনি আজ বিশ্বব্যাপী পরিচিত। শিক্ষার্থীদেরও বড় স্বপ্ন দেখতে হবে, সেই স্বপ্ন বাস্তবায়নে কঠোর পরিশ্রম করতে হবে এবং কখনো হাল ছেড়ে দেওয়া যাবে না।”
তিনি আরও বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও উদ্ভাবনের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের নিজেদের প্রস্তুত করতে হবে। একই সঙ্গে মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপ্রয়োজনীয় সময় ব্যয় না করে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, নৈতিক শিক্ষা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম একজন শিক্ষার্থীর জীবনের অপরিহার্য অংশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক রাসেল।
তিনি বলেন, শিক্ষার্থীদের মাঝে পাঠাভ্যাস গড়ে তোলা এবং জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যেই এ বই পড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম নিয়মিত আয়োজন করা হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মিজানুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা আবু তায়েব মোঃ ইউনুস আলী, এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ সোহেল রানা মানিক, প্রিন্সিপাল ক্যাপ্টেন মোঃ নজরুল ইসলাম, প্রিন্সিপাল (একাডেমিক) মিস দিলরুবা পারভীন, ভাইস প্রিন্সিপাল মোঃ রেজাউর রহমান খান।
পরে সরকারি বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৯জন ট্যালেন্টপুল ও ২০ জন সাধারণ গ্রেডে এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় ৭ জন ট্যালেন্টপুল ও ২২ জন সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক, সুধীজন ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। কর্মসূচির উদ্বোধনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার আগ্রহ সৃষ্টি, পাঠ-অনুধাবন ক্ষমতা বৃদ্ধি, বিশ্লেষণী দক্ষতা উন্নয়ন এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করা হয়।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন









Discussion about this post