স্টাফ রিপোর্টার : টানা কয়েক দিনের ভারী বর্ষণে কক্সবাজারজুড়ে বন্যা, জলাবদ্ধতা এবং পাহাড়ধসের ঝুঁকি ভয়াবহ আকার ধারণ করেছে। জেলার অধিকাংশ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ নৌপথগুলোতেও যান চলাচল বন্ধ রয়েছে।
পরিস্থিতির আরও অবনতির আশঙ্কায় জেলা প্রশাসন সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। পাহাড়ের ঢাল, পাদদেশ এবং বন্যাকবলিত নিচু এলাকায় বসবাসরত মানুষকে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করা হচ্ছে। প্রয়োজন হলে জোরপূর্বকও ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে। একই সঙ্গে দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসকের কার্যালয়ে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে।
বুধবার (৮ জুলাই) বিকেলে জেলা প্রশাসনের জারি করা গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েক দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। সম্ভাব্য প্রাণহানি এড়াতে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের দ্রুত নিকটস্থ সাইক্লোন শেল্টারে আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
জরুরি প্রয়োজনে জেলা প্রশাসনের কন্ট্রোল রুমের ০১৮৭২-৬১৫১৩২ নম্বরে সার্বক্ষণিক যোগাযোগ করতে বলা হয়েছে।
জেলা প্রশাসক এম এ মান্নান জানান, জেলার ৬৪৮টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। উদ্ধার, ত্রাণ ও জরুরি সহায়তা কার্যক্রম সমন্বয়ের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে কন্ট্রোল রুম চালু রয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবাইকে সতর্ক থাকার এবং সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি।
স্থানীয় জনপ্রতিনিধিদের তথ্য অনুযায়ী, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে টানা বর্ষণে জেলার ১০টি উপজেলার অন্তত ৩৫টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। বন্যা, জলাবদ্ধতা ও পাহাড়ধসে এখন পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে। অন্তত এক লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কক্সবাজার সদর, উখিয়া, টেকনাফ, রামু, চকরিয়া, মহেশখালী, কুতুবদিয়া, পেকুয়া এবং ঈদগাঁও উপজেলার বিস্তীর্ণ এলাকা।
কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান জানান, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে মঙ্গলবার পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১২৯ মিলিমিটার, তার আগের ২৪ ঘণ্টায় ২৭৭ মিলিমিটার এবং আরও আগের ২৪ ঘণ্টায় ২৪০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। চার দিনে মোট বৃষ্টিপাতের পরিমাণ দাঁড়িয়েছে ৭৪৯ মিলিমিটার, যা সাম্প্রতিক সময়ের মধ্যে সর্বোচ্চ।
তিনি বলেন, অল্প সময়ের মধ্যে এত বেশি বৃষ্টিপাত পাহাড়ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। কক্সবাজার সমুদ্রবন্দরে এখনো ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। আগামী ১১ জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ফলে আরও দুই থেকে তিন দিন দুর্ভোগ অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।
সংশ্লিষ্টদের মতে, অতিবৃষ্টির কারণে পাহাড়ের মাটি পুরোপুরি পানিসিক্ত হয়ে পড়েছে। ফলে যেকোনো সময় নতুন করে বড় ধরনের পাহাড়ধসের ঘটনা ঘটতে পারে। এছাড়া শহর ও গ্রামীণ এলাকার খাল-নালা উপচে পড়ায় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, জেলার শত শত ঘরবাড়িতে পানি ঢুকেছে এবং অসংখ্য গ্রামীণ সড়ক তলিয়ে গেছে। বিভিন্ন এলাকায় বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে।
কক্সবাজার শহরের কলাতলী, সুগন্ধা, হোটেল-মোটেল জোন, বাজারঘাটা, তারাবনিয়াছড়া, আলীরজাহাল এবং বাস টার্মিনাল এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানি জমেছে। কয়েক ঘণ্টার বৃষ্টিতেই শহরের অধিকাংশ সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে।
উত্তাল সাগরের কারণে টানা ছয় দিন ধরে টেকনাফ–সেন্টমার্টিন নৌপথে যাত্রীবাহী জাহাজ চলাচল বন্ধ রয়েছে। একই সঙ্গে কক্সবাজার–মহেশখালী এবং পেকুয়া–কুতুবদিয়া নৌপথেও নৌযান চলাচল বন্ধ থাকায় হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
টানা বর্ষণের কারণে রোহিঙ্গা আশ্রয়শিবিরেও পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। সেখানে দুই শতাধিক পাহাড়ধসের ঘটনা ঘটেছে। পাহাড়ঘেঁষা অসংখ্য ঘরবাড়ি এখন ঝুঁকির মুখে রয়েছে।
জেলা প্রশাসক এম এ মান্নান জানান, ক্ষতিগ্রস্ত মানুষের জন্য পর্যাপ্ত শুকনো খাবার মজুত রয়েছে। অতিরিক্ত শুকনো খাবারের চাহিদা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ঢেউটিনও প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতির আরও অবনতি হলে কন্ট্রোল রুমের কার্যক্রম জোরদার করা হবে এবং উপজেলা প্রশাসনের সমন্বয়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন









Discussion about this post