গিয়াস রনি, নোয়াখালী : নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাছবাহী একটি পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় যশোর ক্যান্টনমেন্টে কর্মরত এক সেনাসদস্য গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (৩ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের সোনাপুর-কবিরহাট সড়কের ইতালি মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. আমিনুল হক (৩০) উপজেলার ঘোষবাগ ইউনিয়নের পশ্চিম সোনাদিয়া গ্রামের নুর নবীর ছেলে। আহত সেনাসদস্য সৈকত স্থানীয় বাসিন্দা এবং বর্তমানে যশোর ক্যান্টনমেন্টে কর্মরত।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোনাপুর থেকে কবিরহাটগামী একটি মাছবাহী পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর আহত অবস্থায় চালক আমিনুল হক ও যাত্রী সৈকতকে স্থানীয়রা উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে সকাল ৮টার দিকে চিকিৎসক আমিনুল হককে মৃত ঘোষণা করেন। আহত সৈকত হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া জানান, দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় পিকআপটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। তবে চালক ও তার সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন







Discussion about this post