নতুন কমিটির কথা বলে ২ বছর আগে ভেঙ্গে দেয়া হয়েছে সব কমিটি। মেয়াদোত্তীর্ণ সব কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি দেওয়ার দাবি
চট্টগ্রাম কর্ণফুলী উপজেলা ছাত্রলীগের ৩ মাসের আহ্বায়ক কমিটি দীর্ঘ ৩ বছর ১ মাস ১৫ দিন পেরিয়ে গেলেও এখনও পূর্ণাঙ্গ কমিটি গঠন করার কোনও উদ্যোগ নেয়নি দক্ষিণ জেলা ছাত্রলীগ। ঐতিহ্যবাহী ছাত্র সংগঠনটির আহ্বায়ক কমিটিও সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়েছে। বর্তমানে অবস্থা দেখে মনে হচ্ছে, শুধু ফেসবুক-ব্যানার-ফেস্টুনেই টিকে রয়েছে কর্ণফুলী ছাত্রলীগ।
কমিটি গঠন না করায় নতুন নেতৃত্ব যেমন তৈরি হচ্ছে না, তেমনি এর সাংগঠনিক শৃঙ্খলাও ভেঙে পড়েছে। এরই মধ্যে পূর্ণাঙ্গ কমিটিতে পদপ্রত্যাশী অনেক ছাত্রনেতা রাজনীতি থেকেই নিজেদের গুটিয়ে নিয়েছেন। বেশ কয়েকজন সাংসারিক জীবনেও প্রবেশ করেছেন। আর যে কয়েকজন এখনও সক্রিয় রয়েছেন, তারাও বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে পড়ছেন। বিষয়টি নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। অথচ সামনের জাতীয় নির্বাচনে ছাত্রলীগ অনেক ভূমিকা রাখতে পারে বলে সাবেক ছাত্র নেতারা মন্তব্য করেন।
দীর্ঘ তিন বছরের বেশি সময় ধরে কমিটি না থাকায় কর্ণফুলী ছাত্রলীগের নেতাকর্মীরা একেবারেই দিশেহারা হয়ে পড়েছে। যদিও গত ৩ জানুয়ারি কর্ণফুলীর ৫ ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। ওই সময় কর্ণফুলী উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সাজ্জাদ হোসেন সাজিদ জানিয়েছিলেন, ছাত্রলীগের কার্যক্রমকে গতিশীল করতে কমিটিগুলো বিলুপ্ত করা হয়েছে এবং শিগগিরই নতুন কমিটি দেবেন। কিন্তু এখনও নিজেদের পূর্ণাঙ্গ কমিটিতো দুরের কথা, ইউনিয়ন কমিটিরও দেখা নেই।
এমনকি বর্তমান আহ্বায়ক কমিটি এ যাবত কোন পরিচিতি সভা ডাকতে পারেননি। কমিটির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কদের সাথে কোন সমন্বয় নেই। একেক জন একেক নেতারা অনুসারি। একেক গ্রুপে বিভক্ত। অনেকটা ফেসবুক নির্ভর কার্যক্রম। ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সভাপতি সম্পাদকরা বলেন, নতুন কমিটি দেবেন বলে আমাদের কমিটিগুলো ভেঙ্গে দেওয়া হয়েছে প্রায় ২ বছর আগে। কিন্তু কোন খবর নাই। আমরা দ্রুত উপজেলা ছাত্রলীগের এই মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে সব নতুন কমিটি দেওয়ার দাবি জানাচ্ছি।
ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ মহসিন বলেন, ‘আমাদের কমিটি ঘোষণা পর আজ তিন বছর শেষ হয়েছে কিন্তু কমিটি দিতে পারিনি সেটা সত্য। আমরাও চাই কমিটি হোক এবং আমাদের প্রাণের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কার্যক্রম সচল হোক। যেহেতু সামনে জাতীয় নির্বাচন। ৫ ইউনিয়নেও কমিটি দরকার। তাই জেলা নেতাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রেখে অবিলম্বে কমিটির বিষয়ে সাংগঠনিক ভাবে দিকনির্দেশনার দাবি জানাচ্ছি। আসলে চাইলেও সব কিছু হুট করে করা যায় না। সময় সুযোগ ও গুছিয়ে কাজ করতে হয়।’ এ বিষয়ে কর্ণফুলী উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সাজ্জাদ হোসেন সাজিদের ফোনে একাধিকবার কল করে ও ক্ষুদে বার্তা পাঠিয়েও তাঁর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
তবে দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দিন বলেন, ‘আমাদের ভূমিমন্ত্রী মহোদয় দেশের বাইরে আছেন। উনি দেশে আসলে শিগগরই কমিটির বিষয়ে পরামর্শে করে একটা সিদ্ধান্ত নিব কি করা যায় এ ব্যাপারে।’
দৈনিক দেশতথ্য//এসএইচ//
প্রিন্ট করুন







Discussion about this post