গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী) : পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় পূর্ব বিরোধের জেরে একটি বসতঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ সলেমান তালুকদারের বিরুদ্ধে। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার চাকামাইয়া ইউনিয়নের বেতমোর গ্রামে এ ঘটনা ঘটে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।
পরিবারের সদস্যরা জানান, জুলাই আন্দোলনের পর বেতমোর গ্রামের জহিরুল ইসলামের মাছের ঘের থেকে মাছ নিয়ে যাওয়াকে কেন্দ্র করে সলেমান তালুকদারের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। প্রায় দুই বছর পর বুধবার শহরের চৌরাস্তা এলাকায় জহিরুল ইসলামের সঙ্গে সলেমানের দেখা হলে ওই বিষয় নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।
এ ঘটনার পর সলেমান স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার দাবি করেন। তবে তাৎক্ষণিক কোনো সমাধান না হওয়ায় বৃহস্পতিবার গভীর রাতে জহিরুল ইসলামের ছোট ভাই ফিরোজের বসতঘরে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেছে ক্ষতিগ্রস্ত পরিবার। আগুনে পুরো ঘর পুড়ে যায়। তবে ঘটনার সময় ঘরের ভেতরে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত সলেমান তালুকদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. ইলিয়াস তালুকদার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন








Discussion about this post