পটুয়াখালীর কলাপাড়ার রাখাইন পল্লী গুলোতে প্রবারণা পূর্ণিমা উপলক্ষ্যে বিরাজ করছে উৎসবের আমেজ।
রবিবার রাতে পর্যটন কেন্দ্র কুয়াকাটার শ্রীমঙ্গল বৌদ্ধ বিহারে গৌতম বুদ্ধের স্মরনে এক হাজার মোমবাতি প্রজ্জ্বলন করেন ভক্তরা।
পরে বিহার সংলগ্ন মাঠে রং বেরংয়ের ফানুস আকাশে উড়িয়ে প্রবারনা পূর্নিমার উৎসব উদযাপন করা হয়। এসময় আতশবাজি ও নাচে গানে মেতে ওঠে রাখনাইন যুবক, যুুবতীরা। প্রবারনা পূর্নিমার এ উৎসব দেখতে ভিড় করে পর্যটকসহ স্থানীয়রা।
এর আগে সকালে পঞ্চশীল, অষ্টশীল প্রার্থনা, ঘণ্টা বাজানোসহ ধর্মীয় আলোচনা করা হয়। এছাড়া বিভিন্ন ফল ও হরেক রকমের পিঠাপুলি বৌদ্ধ ভিক্ষুকে প্রদান করেন বৗদ্ধ ধর্মাবলম্বীরা। উপজেলার ২৪ টি রাখাইন পল্লীতে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। আলোকসজ্জ্বা করা হয়েছে প্রতিটি বিহার। অপ্রীতিকর ঘটনা এড়াতে পল্লীগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বৌদ্ধ ধর্মালম্বীদের মতে, এই দিনে গৌতম বুদ্ধ ধর্ম প্রচার শুরু করেন। এ কারনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এছাড়া গৌতম বুদ্ধের স্মরণে আষাঢ়ী পূর্ণিমাতে বৌদ্ধ ভিক্ষুদের বর্ষাব্রত শুরু হয়ে কার্তিকের এ পূর্ণিমাতে শেষ করেন। এ উৎসবকে ঘিরে বাড়ি বাড়ি তৈরি হয় বাহারি পিঠা, পুলি, পায়েশ। গৃহে অতিথি আপ্যায়নসহ রাখাইনরা এই দিনে পরিষ্কার কিংবা নতুন পোশাকে বিহারে গমন করেন। একই সাথে পালন করা হয় বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান। তবে ফানুস উৎসব এখন সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। সোমবার বিকেলে এ উৎসবের সমাপ্তি ঘটবে বলে স্থানীয় রাখাইন সূত্র জানিয়েছে।
গোড়া আমখোলা পাড়ার রাখাইন যুবক তেননেন বলেন, বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এই প্রবারণা পূর্ণিমা। এ উৎসব ঘিরে প্রতিটি রাখাইন পল্লীর ঘরে ঘরে বিরাজ করছে উৎসবের আমেজ। প্রতিবছর প্রবারণা উৎসবে হরেক রঙের কাগজ আর বাহারি ডিজাইনের তৈরি ফানুস রাতের আকাশে উড়ানো হয়। আর এ ফানুস উড়ানো দেখতে দুর-দুরান্ত থেকে লোকজন এসে মিলিত হন। প্রায় এক মাস আগে থেকেই ফানুস উড়ানোর প্রস্তুতি নেয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।
মিশ্রিপাড়া সীমা বৌদ্ধবিহারের ভিক্ষু ও গৌতম বুদ্ধ পাঠাগারের গবেষক উত্তম ভিক্ষু বলেন, আত্মশুদ্ধি ও অশুভকে বর্জন করে সত্য ও সুন্দরকে বরণেই এ উৎসব। প্রবারনা পূর্ণিমা উপলক্ষ্যে বৌদ্ধ বিহারে প্রথমে পঞ্চশীল, অষ্টশীল প্রর্থনা, ঘণ্টা বাজানোসহ ধর্মীয় আলোচনা এবং বিভিন্ন পিঠা দান করা হয়েছে।
কলাপাড়া ইউএনও মো: জাহাঙ্গীর হোসেন বলেন, উপজেলার ২৪ টি রাখাইন মন্দিরে প্রবারণা উৎসব পালন করার জন্য ৫০০ কেজি করে চাল দেওয়া হয়েছে।
দৈনিক দেশতথ্য//এইচ//
প্রিন্ট করুন








Discussion about this post