গৌরাঙ্গ লাল দাস, কোটালীপাড়া (গোপালগঞ্জ) : “মাদক পরিহার করুন, নিজে বাঁচুন, আগামী প্রজন্মকে বাঁচান”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নের কালীগঞ্জ বাজারে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জুলাই) বিকেলে কালীগঞ্জ বাজার সর্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণে কলাবাড়ি ইউনিয়নবাসীর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগুফতা হক। সভায় সভাপতিত্ব করেন কলাবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুবোধ চন্দ্র মজুমদার এবং সঞ্চালনা করেন কলাবাড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি সুমন মজুমদার।
এ সময় বক্তব্য দেন কালীগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি প্রভাস চন্দ্র বৈদ্য, কলাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি বাবুল মজুমদার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জামাল শেখ, ইউপি সদস্য অধীর চন্দ্র বাড়ৈ, সমাজসেবক আকাশ অধিকারীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই নয়, একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রের অগ্রগতির জন্যও বড় হুমকি। তাই মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক বলেন, মাদক নির্মূলে শুধু প্রশাসনের একক প্রচেষ্টা যথেষ্ট নয়। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, গণমাধ্যম এবং সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগের মাধ্যমেই একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।
তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করলে মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন










Discussion about this post