কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন এবং অস্বাস্থ্যকর পরিবেশে ছানা তৈরির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে রবিউল ইসলাম নামে এক ব্যক্তিকে মোট ২ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (বিকেল) উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দয়ারামপুর গ্রামে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভীদ সারওয়ারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হাসিমপুর পদ্মা নদীর চর এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন রবিউল ইসলাম। এ অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া তার বাড়িতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ছানা উৎপাদনের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী আরও ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভীদ সারওয়ার বলেন, দীর্ঘদিন ধরে দয়ারামপুর গ্রামের রবিউল ইসলাম অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করে বিক্রি করছিলেন। একই সঙ্গে অস্বাস্থ্যকর পরিবেশে ছানা তৈরি করায় তাকে মোট ২ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে কুমারখালী থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন









Discussion about this post