কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার কুমারখালীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌর শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে পৌরসভার ঝাউতলা মোড়ে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
কুমারখালী পৌর জামায়াতের ভারপ্রাপ্ত আমির ডা. গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং পৌর শাখার সহকারী সেক্রেটারি মো. মাসুদ রানার সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য আফজাল হোসেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমারখালী উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা সামছুদ্দিন আহমেদ, উপজেলা কর্মপরিষদ সদস্য ও কুমারখালী পৌরসভার মেয়র প্রার্থী অ্যাডভোকেট রবিউল ইসলাম এবং পৌর জামায়াতের সেক্রেটারি মো. মোতালেব হোসেন।
সেসময় সংসদ সদস্য বলেন, জামায়াতে ইসলামী দেশে কোরআনের আলোকে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, দুর্নীতি, চাঁদাবাজি ও অনিয়ম বন্ধ করতে চায়। দলটি কোনো রাজনৈতিক দলকে উৎখাত করতে নয়, বরং সবাইকে নিয়ে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করছে।
তিনি অভিযোগ করেন, নির্বাচনের পর জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার চালানো হচ্ছে। সংসদে ইসলামের পরিপন্থী আইন প্রণয়নের বিরোধিতা করায় দলটির সংসদ সদস্যরা প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে তিনি দাবি করেন, সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে বিরোধী দলের মতামত উপেক্ষা করা হচ্ছে।
নিজ নির্বাচনী এলাকার প্রসঙ্গে তিনি বলেন, কুমারখালীতে চাঁদাবাজি বন্ধে তিনি কাজ করছেন। বিশেষ করে সেতুর টোল আদায় বন্ধে তাঁর ভূমিকার কথা উল্লেখ করে তিনি দাবি করেন, তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ ভিত্তিহীন। কেউ তাঁর বিরুদ্ধে এক টাকার দুর্নীতির প্রমাণ দিতে পারলে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করবেন বলেও চ্যালেঞ্জ জানান।
এ সময় তিনি বলেন, জামায়াতে ইসলামী অন্যায়ের কাছে মাথা নত করবে না। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রয়োজনে রাজপথে আন্দোলন গড়ে তোলা হবে।
এছাড়া সমাবেশে বক্তব্য দেন পৌর জামায়াত মনোনীত বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থীরা। তাদের মধ্যে ২ নম্বর ওয়ার্ডের আকমল হোসেন মোল্লা, ৩ নম্বর ওয়ার্ডের রবিউল ইসলাম রবি, ৪ নম্বর ওয়ার্ডের শাহরিয়ার পারভেজ, ৫ নম্বর ওয়ার্ডের মাওলানা শহিদুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ডের হাজী আব্দুর রাজ্জাক, ৭ নম্বর ওয়ার্ডের ইমাম হাসান রজব, ৮ নম্বর ওয়ার্ডের শফিকুল আলম মোল্লা এবং ৯ নম্বর ওয়ার্ডের রাহাদ হোসেন চয়ন বক্তব্য দেন।
সমাবেশে বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং আসন্ন রাজনৈতিক কার্যক্রমে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় কুমারখালী পৌর ও উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন










Discussion about this post