স্টাফ রিপোর্টার : টানা ভারী বৃষ্টিতে কুমিল্লা নগরীতে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা। সোমবার সকালে নির্ধারিত সময়ে অনেক পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেননি। সড়কে থৈথৈ পানি জমে যাওয়ায় যানবাহন চলাচলও কমে যায়। পরিস্থিতিতে কয়েকজন পরীক্ষার্থীকে নৌকায় করে পরীক্ষা কেন্দ্রে যেতে দেখা গেছে।
কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রের ভেতরে পরীক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করা হয়। সকাল সাড়ে ৯টার দিকে ওই কেন্দ্রে কয়েকজন শিক্ষার্থীকে নৌকায় করে প্রবেশ করতে দেখা যায়।
জলাবদ্ধতার কারণে পরীক্ষার্থীদের ভোগান্তির বিষয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহসান পারভেজ বলেন, কেন্দ্র কর্তৃপক্ষ বিষয়টি সহানুভূতির সঙ্গে দেখছে।
মহিলা কলেজ কেন্দ্রের পরীক্ষার্থী তাছলিমা আক্তার বলেন, এমন প্রাকৃতিক দুর্যোগের সময় সব বোর্ডের পরীক্ষা স্থগিত রাখা উচিত ছিল। বৃষ্টিতে ভিজে পরীক্ষার কেন্দ্রে যেতে হচ্ছে। অধিকাংশ পরীক্ষার্থীকে ভেজা কাপড়ে কেন্দ্রে উপস্থিত হতে দেখা গেছে। ডুবে যাওয়া সড়কে অনেককে পড়ে যেতেও দেখা গেছে। বর্ষার মধ্যে পরীক্ষা নেওয়ায় অভিভাবকরাও ক্ষোভ প্রকাশ করেছেন।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাসার জানান, এ কেন্দ্রে আটটি কলেজের ২ হাজার ১০০ পরীক্ষার্থী রয়েছে। মাঠে পানি থাকলেও পরীক্ষার কক্ষের ভেতরে পানি ঢোকেনি। যেসব পরীক্ষার্থী কিছুটা দেরিতে কেন্দ্রে পৌঁছেছে, তাদের অতিরিক্ত সময় দেওয়ার জন্য বোর্ড থেকে নির্দেশ দেওয়া হয়েছে।
কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহসান পারভেজ বলেন, বোর্ডের আওতাধীন ছয় জেলায় ভারী বর্ষণে বিভিন্ন কেন্দ্রের সামনে ও সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হলেও কোনো পরীক্ষার কক্ষে পানি প্রবেশ করেনি। যেসব পরীক্ষার্থী বিলম্বে কেন্দ্রে পৌঁছেছে, তাদের বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, কোনো পরীক্ষার্থীর পরীক্ষা দিতে সমস্যা হবে না।
কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু জানান, সোমবার সকালে পরীক্ষা শুরুর আগে তিনি সরকারি মহিলা কলেজ কেন্দ্রে গিয়ে পরীক্ষার্থীদের নিরাপদে কেন্দ্রে প্রবেশের বিষয়টি তদারকি করেছেন।
এদিকে মাত্র তিন ঘণ্টায় ১০৭ মিলিমিটার বৃষ্টিতে কুমিল্লা নগরীর প্রধান সড়ক, অলিগলি ও আবাসিক এলাকা পানিতে তলিয়ে গেছে। কোথাও হাঁটুসমান, আবার কোথাও কোমরসমান পানি জমে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অনেক বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় দুর্ভোগে পড়েছেন নগরবাসী।
জলাবদ্ধতার সুযোগ নিয়ে রিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার চালকেরা ভাড়া দ্বিগুণ পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন। ফলে অতিরিক্ত ভাড়া দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন সাধারণ যাত্রীরা।
কুমিল্লা আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৩৮ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সোমবার ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় ১০৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দিনভর আরও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন








Discussion about this post