গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী) : পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের একটি বিশাল আকৃতির সামুদ্রিক শোল মাছ। স্থানীয়ভাবে মাছটি ‘মথু’ বা ‘দাঁতিনা সুরমা’ নামে পরিচিত।
সোমবার (২০ জুলাই) সকালে মাছটি বিক্রির জন্য আনা হয় আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের মেসার্স ফাইভ স্টার ফিস আড়তে। বড় আকারের এই মাছটি দেখতে সেখানে ভিড় করেন স্থানীয় মানুষ।
পরে ৭০০ টাকা কেজি দরে মোট ১৪ হাজার টাকায় মাছটি কিনে নেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী আব্দুর রহমান খান ও মো. সোহাগ আহমেদ।
ট্রলার মাঝি রুহুল আমিন জানান, বৈরী আবহাওয়া উপেক্ষা করে তারা টানা নয় দিন গভীর সমুদ্রে মাছ ধরছিলেন। এ সময় অন্যান্য মাছের সঙ্গে হঠাৎ জালে উঠে আসে বিশাল আকৃতির এই সামুদ্রিক শোল। মাছটি ভালো দামে বিক্রি হওয়ায় তারা আনন্দিত।
ক্রেতারা জানান, এত বড় সামুদ্রিক শোল সাধারণত বাজারে পাওয়া যায় না। তাই কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে নয়, নিজেদের খাওয়ার জন্য মাছটি কিনে তারা সমান ভাগ করে নিয়েছেন।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সামুদ্রিক শোল গভীর সমুদ্রের একটি বিরল প্রজাতির মাছ। অনুকূল পরিবেশ ও পর্যাপ্ত খাবার পেলে এরা বড় আকার ধারণ করতে পারে। নিয়মিত এমন বড় মাছ ধরা পড়লে উপকূলীয় জেলেরা আর্থিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি দেশের মৎস্য অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন










Discussion about this post