কুষ্টিয়া: কুষ্টিয়ার খোকসায় চলমান খাল খনন প্রকল্পে দুর্বৃত্তদের হামলায় পাঁচজন শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে।এসময় দুইটি স্কেভেটর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বুধবার (১৩ মে) দিবাগত রাত একটার দিকে হেলিপট খানপুর এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, গত ১৬ এপ্রিল খোকসা উপজেলার মোড়াগাছা এলাকায় ২ হাজার ৫০০ মিটার খাল খনন কাজের উদ্বোধন করেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। প্রকল্পটির কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছালে গত রাতে হেলিপট খানপুর এলাকায় একদল মুখোশধারী দুর্বৃত্ত হামলা চালায়।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গভীর রাতে অস্ত্রধারী দুর্বৃত্তরা দুইটি চলন্ত স্কেভেটর থামিয়ে চালকসহ পাঁচজন কর্মীকে মারধর করে। পরে তারা স্কেভেটরের ব্যাটারি খুলে নিয়ে আগুন ধরিয়ে দেয়। এছাড়া মোবাইল ফোন ও প্রয়োজনীয় যন্ত্রাংশও ছিনিয়ে নেয় হামলাকারীরা।
খবর পেয়ে খোকসা উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা দোস্তোগার সাগর তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসে যোগাযোগ করলে খোকসা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনা পরিদর্শনে এসে কুষ্টিয়া জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রেজিবুল ইসলাম বলেন, ‘গত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে অস্ত্রসহ মুখোশধারী একদল দুর্বৃত্ত শ্রমিকদের ওপর হামলা চালায়।’
খোকসা উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা দোস্তোগার সাগর বলেন, ‘এ প্রকল্পের কাজে কারও সঙ্গে কোনো ধরনের বিরোধ ছিল না। কাজ প্রায় শেষ পর্যায়ে ছিল। আরও দুই দিনের মধ্যেই খনন কাজ সম্পন্ন করা সম্ভব হতো। কিন্তু দুইটি স্কেভেটরে আগুন দেয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।’
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
প্রিন্ট করুন








Discussion about this post