এনামুল হক, কুষ্টিয়া:
কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর ব্রিক ফিল্ড এলাকায় দুই পক্ষের সংঘর্ষ ও হামলার ঘটনায় দুই ব্যক্তি নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। পাশাপাশি অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৩ জুলাই দেবীনগর এলাকার বাসিন্দা মো. ছালিম হোসেন এবং খানপুর গ্রামের মো. হাসান শেখের মধ্যে বিরোধের সূত্রপাত হয়।
স্থানীয়দের দাবি, মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে এ বিরোধ সৃষ্টি হয়েছিল। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এর ধারাবাহিকতায় ১৭ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুমারখালীর এনায়েতপুর বাজার থেকে ভ্যানে করে বাড়ি ফেরার সময় হিজলাবট মাঠ এলাকায় হাসান শেখের পথরোধ করা হয়।
অভিযোগ রয়েছে, তাকে ভ্যান থেকে নামিয়ে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এর পরদিন দিবাগত রাত আনুমানিক ১টার দিকে দেবীনগর ব্রিক ফিল্ড এলাকায় নতুন করে সহিংসতার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, সামিরুল ইসলামের নেতৃত্বে ৮০ থেকে ১০০ জনের একটি দল ছালিম হোসেনের বাড়িতে হামলা চালায়।
হামলার সময় ছালিম হোসেন পালিয়ে যেতে সক্ষম হলেও বাড়িতে থাকা ফারুক হোসেন, আব্দুল শেখ ও মুল্লুক মণ্ডলের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। এতে ঘটনাস্থলেই ফারুক হোসেন ও আব্দুল শেখ নিহত হন। গুরুতর আহত মুল্লুক মণ্ডলকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে খোকসা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানিয়েছে, পূর্বের বিরোধের কারণ, হামলার প্রকৃত উদ্দেশ্য এবং হত্যাকাণ্ডে কারা সরাসরি অংশ নিয়েছে, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন








Discussion about this post