ওপেলিয়া কনি, কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর উপজেলায় রানা আহমেদ (৩৫) নামে এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার মালিহাদ ইউনিয়নের জোয়ারদার পাড়ায় একটি বাড়ির উঠান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রানা আহমেদ চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কেশবপুর গ্রামের আব্দুল্লাহ মালিথার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মালিহাদ ইউনিয়নের জোয়ারদার পাড়ায় শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন এবং পেশাগতভাবে রাজমিস্ত্রির কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে বাড়ির উঠানে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে মিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আজিজ জানান, মরদেহের বাঁ চোখে রক্তের চিহ্ন পাওয়া গেছে। তবে প্রাথমিক তদন্তে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করা সম্ভব হবে।
তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
প্রিন্ট করুন






Discussion about this post