মোমেছুর রহমান, কুষ্টিয়া:
কুষ্টিয়া জেলা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এটি শিল্প, সাহিত্য ও সংস্কৃতির রাজধানী হিসেবে পরিচিত।
এটিকে প্রখ্যাত কবি ও গল্পকারের দেশও বলা হয়। জেলার সদরদপ্তর কুষ্টিয়ায় অবস্থিত।
ভৌগলিক ভাবে এটি বাংলাদেশের উত্তর ও দক্ষিণবঙ্গের কেন্দ্রস্থল।এর উত্তর পাশে দিয়ে পদ্মা নদী এবং পশ্চিম পাশ দিয়ে মাথাভাঙ্গা ও ইছামতি নদী প্রবাহিত হয়েছে। রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত শিলাইদহ কুঠিবাড়ি ও লালনের মাজার এখানকার অন্যতম আকর্ষণ।
এ জেলায় প্রায় ২২ লক্ষ জনসংখ্যার বসবাস। এখানে সুশীল সম্প্রদায়ের পাশাপাশি স্বাধীন একটি ছোট সম্প্রদায় সেটি হল হরিজন সম্প্রদায়। স্বাধীনতা পরবর্তী ৫৫ বছরেও বাংলাদেশের বাঙ্গালী সমাজ ও অল্প কিছু আদিবাসী সম্প্রদায়ের ব্যাপক উন্নতি হলেও সমাজ বিচ্ছিন্ন, উপেক্ষিত ও সমাজে দলিত বলে বিবেচিত সম্প্রদায় হিসেবে চিহ্নিত হরিজনদের আজও কোন উন্নতি তেমনভাবে হয়নি। শুধু সমাজ নয় তারা রাষ্ট্রের সাংবিধানিক মৌলিক অধিকার থেকেও বঞ্চিত। শহরটা পরিস্কার পরিচ্ছন্ন করার প্রয়াসে যাদের ভূমিকা সর্বাগ্নে, যাদের কারনে শহরের পরিবেশের উন্নয়ন তাদের মাঝেই নেই কোন উন্নয়নের ছোয়া। হরিজনরা সাধারনত পৌরসভা এবং সরকারী বা বে-সরকারী প্রতিষ্ঠানের নিজস্ব কলোনীতে বসবাস করে থাকে। এরই ধারাবাহিকতায় কুষ্টিয়া শহর এবং শহরের আশেপাশে কয়েকটি জায়গায় হরিজনদের বসবাস। যেমন কুষ্টিয়ার কবি আজিজুর রহমান সড়ক চৈতন্য পল্লি, পৌর হরিজন কলোনী, মিল লাইন কলোনী, জিকে কলোনী, পুলিশ লাইন কলোনী, জগতি সুগার মিল কলোনী, ডিসি কোর্ট পৌর মার্কেটে, কুমারখালী পৌর হরিজন কলোনী, পোড়াদহ হরিজন কলোনী, ভেড়ামারা পৌর হরিজন কলোনী ও খোকসা পৌরসভা হরিজন কলোনী রয়েছে।
জানা যায়, ব্রিটিশ সরকার হরিজন সম্প্রদায়কে এ দেশে নিয়ে আসার সময় যে সকল সুযোগ সুবিধা দিয়েছিলো তার মধ্যে বাসস্থান অন্যতম। কুষ্টিয়ার হরিজনদের প্রতিটি পল্লিতে প্রতিটি পরিবারের জন্য একটি করে ঘর বরাদ্দ রয়েছে। প্রতিটি ঘরের দৈর্ঘ্য ৬ হাত এবং প্রস্থ ৫ হাত। দীর্ঘ দিনের তৈরী পুরাতন ঘিঞ্জি জরাজীর্ণ ঘরের প্রতিটি পরিবারের জন্য একটি করে রুম বরাদ্দ দেয়া হয়েছে। এখানে স্বামী-স্ত্রী, ছেলে-মেয়ে, জামাইসহ পরিবারের অনেককে নিয়ে একটি রুমে অতি মানবেতর জীবন যাপন করে তারা। তবে গত ২০২৫ সালে চৈতন্য পল্লিতে সূচিতা আবাসন নামে ৪টি নতুন ভবন তৈরী করে দেয়া হয়েছে। এই ৪টি ভবনে ১২০টি রুম রয়েছে। প্রতিটি রুমের মধ্যে ১টি বাথরুম ও ১টি রান্না করার ছোট পরিসরে পাটিশন করে দেয়া হয়েছে। যা ১২০টি পরিবারকে বরাদ্ধ দেয়া হয়েছে। যেখানে ৬ থেকে ৭ শত পরিবার রয়েছে, তার বরাদ্দ পেয়েছে মাত্র ১২০টি পরিবার। চৈতন্য পল্লিতে দীর্ঘ ৪০ বছর যাবত ধরে বসবাসকারী শ্রী মিন্টু লাল বলেন, নতুন ভবনে আমাকে বরাদ্দ দেয়া হয়েছে। তবে পূর্বের মতই আমাদের কষ্ট রয়ে গেছে। থাকার জন্য ওই একটি করে রুম দেয়া হয়েছে। বাড়তি শুধু বাথরুম ও রান্নাঘর পেয়েছি। আত্মীয় স্বজন আসলে ওই একটি রুমেই সকলকে থাকতে হচ্ছে। অপরদিকে চৈতন্য পল্লিতে যারা বসবাস করছে। তারা নিজ নিজ উদ্যোগে মাথাগুজে থাকার মতো প্রয়োজনীয় কিছু রুম তৈরী করে বসবাস করে আসছে। সেখানে বিশুদ্ধ খাবার পানি ও স্যানিটেশনের সু-ব্যবস্থা না থাকায় পুরো কলোনীবাসীদের স্বাস্থ্য হুমকির সম্মুখীন। এভাবে ১২টি পল্লিতে কয়েক হাজার পরিবার বসবাস করে। এদের মধ্যে শিক্ষার হারও নিতান্তই নগন্য। কুষ্টিয়ার অধিকাংশ স্কুলে হরিজন শিশুরা ভর্তির সুযোগ থেকে বঞ্চিত। কিছু কিছু স্কুলে হরিজন শিশুদের ভর্তি নিলেও নেতিবাচক দৃষ্টি ভঙ্গির কারনে তারা স্কুল ছাড়তে বাধ্য হয়। হরিজন শিশুদের সাথে কথা বলে জানা যায় তারাও স্কুলে যেতে চায়। মানুষের মত মানুষ হয়ে বাঁচতে চায়। কুষ্টিয়ার কবি আজিজুর রহমান সড়কের চৈতন্য পল্লির শিশু অর্নব, রেহান ও অনর বলে, আমাদের খুব স্কুলে যেতে ইচ্ছে করে এবং বড় হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়র হবার ইচ্ছা আছে। এ রকম অসংখ্য হরিজন শিশুর দাবী আমরা নিচু হয়ে বাঁচতে চাইনী আমাদেরও ইচ্ছে করে ফুল হয়ে ফুটতে এবং পাখি হয়ে উড়তে। হরিজনদের অধিকাংশ শ্রমজীবিরা কুষ্টিয়া পৌরসভা এবং বিভিন্ন সরকারী ও বে-সরকারী প্রতিষ্ঠানেও চাকুরী করে। চাকুরীর নিয়োগে বৈষম্যের কারনে এরা এখানেও বঞ্চিত হয়। হরিজনদের দাবী জেলার প্রতিটি প্রতিষ্ঠানে তাদের যথাযথ নিয়োগ দিলে তাদের মধ্যেও বেকার থাকতো না। শহরের পাঁচ রাস্তার মোড়ের হরিজন কলোনীর বাসিন্দা চাকুরী প্রত্যাশী একজন বলেন, আমাদের যে চাকুরী হবার কথা তা আবার অনেকেই হরিজন সেজে ভূয়া সার্টিফিকেট দেখিয়ে চাকুরী হাতিয়ে নেই। এভাবে চলতে থাকলে আমরা না খেয়ে মরে যাবো। এভাবেই নানা বঞ্চনা আর অবহেলার শিকার হচ্ছে হরিজনেরা। এ ব্যাপারে কুষ্টিয়া পৌরসভার থেকে জানা গেছে, একসময় হরিজনরা অস্পৃশ্য ছিলো কারন তারা মানব মলমূত্র মাথায় নিয়ে পরিস্কার করে বেড়াতো। এখন আর তেমন নেই। অধুনিক যন্ত্রপাতির মাধ্যমে মলমূত্র পরিস্কার করা হচ্ছে। তারপরও তাদেরও নিজস্ব বাসস্থান ও স্কুলের চিকিৎসা কেন্দ্রসহ বিভিন্ন পদক্ষেপ সরকার বাস্তবায়ন করেছে। আর যে সকল সমস্যা আছে তা অচিরেই সকল সমস্যার সমাধান হয়ে যাবে। মূলত অজ্ঞতা আর অশিক্ষার অভাবে তারা জানেনা তাদের নিজেদের অধিকার সম্পর্কে। তাদেরও সমাজে সকলের মতোই মাথা উঁচু করে বেঁচে থাকার অধিকার আছে। আর এ অধিকার রাষ্ট্র কর্তৃক স্বীকৃত বাংলাদেশের সংবিধানে অনুচ্ছেদ ২৭ জানুয়ারী রাষ্ট্র জাতি ধর্ম বর্ণ গোত্র এবং নারী পুরুষ ভেদে কোন প্রকার বৈষম্য করা চলবে না। এছাড়া সংবিধানের ২৮ (৩) অনুচ্ছেদে উল্লে¬খ আছে কেবল ধর্ম, গোষ্ঠি, বর্ণনারী পুরুষভেদে বা জন্মস্থানের কারনে জনসাধারণের কোন বিনোদন বা বিশ্রামের স্থানে প্রবেশের কিংবা কোন শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তির বিষয়ে কোন নাগরিককে কোনরূপ অক্ষমতা বাধ্য বাধকতা বা শর্তের অধীন করা যাবে না। এ রকম দলীল থাকা সত্বেও কুষ্টিয়াতে হরিজন সম্প্রদায় অনেক ক্ষেত্রেই অধিকার বঞ্চিত এবং সকল ক্ষেত্রে বৈষম্য ও বঞ্চনার শিকার হচ্ছে। বে-সরকারী বিভিন্ন প্রতিষ্ঠান, এনজিও সংস্থা গুলো হরিজন সম্প্রদায়ের দারিদ্র বিমোচন, ক্ষমতায়নের কৌশল নির্ধারন ও অধিকার নিয়ে কাজ করে সমাজে তাদের এগিয়ে নিয়ে যাবে। অভিজ্ঞ মহলের প্রত্যাশা শোষন, বঞ্চনা আর অবহেলা থেকে হরিজনেরা তাদের প্রাপ্য অধিকার ফিরে পাক। ফিরে পাক নাগরিক সকল অধিকার।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন










Discussion about this post