কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া বটতৈলপাড়া এলাকায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজন গুরুত্বর আহত হয়েছেন।
গতকাল শনিবার রাত আনুমানিক ৮টার দিকে এ ঘটনার জেরে গ্রামের কয়েকটি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
আহতরা হলেন ভাদালিয়া বটতৈলপাড়ার এতিয়ার মন্ডলের ছেলে শওকত মন্ডল এবং তার আপন ভাই আজমত মন্ডল। স্বজনদের দাবি, শওকত মন্ডল পেশায় চাষী হলেও এলাকায় সামাজিক ছোটখাটো বিরোধ মীমাংসায় ভূমিকা রাখতেন এবং সাবেক মেম্বার হিসেবে পরিচিত ছিলেন।
স্বজনরা জানান, শনিবার সন্ধ্যায় শওকত মন্ডল বাড়ির পাশে একটি চায়ের দোকানে চা পান করতে গেলে প্রতিপক্ষের লোকজন তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল-এ ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের ১০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। আহত আজমত মন্ডলকেও একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, আহত দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের অপারেশন থিয়েটারে (ওটি) নেওয়া হয়েছে।
এ ঘটনার জেরে কয়েকটি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন আহতদের স্বজনরা।
হাসপাতালে আহতদের খোঁজখবর নিতে গিয়ে কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিমুল হাসান অপু বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথমে তিনি ঘটনাটিকে জামায়াত-বিএনপির দু’পক্ষের সংঘর্ষ হিসেবে জানতে পারেন। তবে হাসপাতালে এসে আহতদের সঙ্গে কথা বলে তিনি নিশ্চিত হন, এটি মূলত সামাজিক দ্বন্দ্বের জেরে সংঘটিত ঘটনা। তিনি জানান, আহত শওকত মন্ডল দীর্ঘদিন ধরে বিএনপির কর্মী হিসেবে কাজ করে আসছেন। বাড়িঘরে লুটপাটের ঘটনাকে তিনি দুঃখজনক বলে উল্লেখ করেন।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার কর্মকর্তা কবির হোসেন মাতুবর বলেন, এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। মামলা দায়ের হলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
প্রিন্ট করুন







Discussion about this post