শেখ নাদীর শাহ্, পাইকগাছা, খুলনা : খুলনার পাইকগাছা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত যুবলীগের সাংগঠনিক কার্যক্রম চালুর লক্ষ্যে গোপন বৈঠকের অভিযোগে সাগর বিশ্বাস (৩৫) ও হাদী খাঁ (৩৬) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সোলাদানা ইউনিয়নের বয়ারঝাপা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাগর বিশ্বাস ওই এলাকার মনি বিশ্বাসের ছেলে এবং হাদী খাঁ শহিদুল খাঁর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বয়ারঝাপা এলাকায় কয়েকজন ব্যক্তি নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার বিষয়ে বৈঠক করছেন বলে খবর পায় পুলিশ। পরে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বৈঠকে থাকা কয়েকজন পালিয়ে গেলেও সাগর ও হাদীকে আটক করা সম্ভব হয়।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবির জানান, যুবলীগের সাংগঠনিক কার্যক্রম সক্রিয় করার উদ্দেশ্যে গোপনে বৈঠকের অভিযোগে অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন










Discussion about this post