রংপুর প্রতিনিধি: গণমুখী ও বাস্তবসম্মত বাজেট প্রণয়নের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন।
২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ইতিবাচক ও শ্রমবান্ধব উল্লেখ করে সংগঠনটি সোমবার সকাল ১১টায় রংপুর পাবলিক লাইব্রেরির হলরুমে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখানে বিড়ি শিল্পে শুল্ক অপরিবর্তিত রাখার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে শ্রমিক নেতারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিন উদ্দিন বিএসসি। অনুষ্ঠানটি পরিচালনা করেন বৃহত্তর রংপুর বিড়ি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল হাসনাত লাভলু।
লিখিত বক্তব্যে আমিন উদ্দিন বিএসসি বলেন, বিড়ি শিল্প দেশের একটি দীর্ঘদিনের শ্রমনির্ভর ও ঐতিহ্যবাহী খাত। স্বাধীনতার পরবর্তী সময়ে একে কুটির শিল্প হিসেবে বিবেচনা করা হতো এবং তখন এ খাতে কোনো শুল্ক ছিল না। তিনি আরও উল্লেখ করেন, শ্রমিকদের মতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়কাল ছিল বিড়ি শিল্পের জন্য তুলনামূলকভাবে অনুকূল একটি সময়।
তিনি দাবি করেন, বর্তমানে দেশের টোব্যাকো বাজারের বড় অংশ বিদেশি বহুজাতিক কোম্পানির নিম্নমানের সিগারেট দখল করে আছে, যা দেশের অর্থপাচার ও জনস্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এ অবস্থায় দেশীয় বিড়ি শিল্প রক্ষার পাশাপাশি বহুজাতিক কোম্পানির নিম্নস্তরের সিগারেট নিয়ন্ত্রণের দাবি জানান তিনি।
এ ছাড়া বিড়ি শ্রমিকদের ন্যায্য মজুরি বৃদ্ধি, নকল বিড়ি উৎপাদন ও বিক্রি বন্ধ এবং শিল্পখাতকে সুরক্ষার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বাজেটে নিত্যপ্রয়োজনীয় ৬০টি পণ্যে করছাড় দেওয়াকে স্বাগত জানান এবং এজন্য প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি নাজিম উদ্দিন, লুৎফর রহমান, আনোয়ার হোসেন, যুগ্ম-সম্পাদক আব্দুল গফুর, সাংগঠনিক সম্পাদক শামীম ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রিন্ট করুন








Discussion about this post