মীর আনোয়ার হোসেন টুটুল, টাঙ্গাইল : টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই-সখীপুর আঞ্চলিক সড়ক এখন জনদুর্ভোগের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ। টানা বৃষ্টিতে এসব গর্তে জমেছে পানি। কোথাও হাঁটু, আবার কোথাও কোমরসমান পানি জমে থাকায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। ফলে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে যানজট ও চরম ভোগান্তি।
রোববার (১৯ জুলাই) সরেজমিনে দেখা যায়, হাটুভাঙ্গা থেকে সখীপুর পর্যন্ত প্রায় ২৭ কিলোমিটার সড়কের বিভিন্ন অংশের অবস্থা অত্যন্ত নাজুক। সড়কের ওপরের পিচ উঠে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত। এসব গর্তে যানবাহন আটকে গিয়ে দুর্ভোগে পড়ছেন যাত্রী ও চালকরা।
স্থানীয়রা জানান, সড়ক ও জনপথ বিভাগের অধীন গোড়াই-সখীপুর আঞ্চলিক সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ পথ দিয়ে মির্জাপুর, বাসাইল, ঘাটাইল, মধুপুর ও সখীপুরসহ কয়েকটি উপজেলার হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করেন। স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীরাও নিয়মিত এ সড়কের ওপর নির্ভরশীল।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার ও মেরামত না হওয়ায় দিন দিন এর অবস্থা আরও খারাপ হচ্ছে। গোড়াই, সৈয়দপুর, হাটুভাঙ্গা, বেলতৈল, হোসেন মার্কেট, বাঁশতৈল, পেকুয়া, তালতলা, কাইতলা, তক্তারচালা, দেওদিঘী ও নলুয়াসহ বিভিন্ন এলাকায় ছোট-বড় অসংখ্য গর্ত তৈরি হয়েছে।
ভুক্তভোগী গণমাধ্যমকর্মী মাসুদুর রহমান মাসুদ, স্কুল শিক্ষক মো. আনিছুর রহমান, কলেজ শিক্ষক হাফিজুর রহমান ও ব্যবসায়ী ইব্রাহীম মিয়া বলেন, গুরুত্বপূর্ণ এই সড়কটির এমন বেহাল অবস্থার কারণে প্রতিদিন মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে।
বাঁশতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল দেওয়ান ও আজগানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের সিকদার বলেন, সড়কের বিভিন্ন স্থানে পানি জমে থাকায় যানবাহন চলাচল করতে গিয়ে প্রায়ই আটকে যাচ্ছে। এতে যানজট সৃষ্টি হচ্ছে এবং সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে।
তারা জানান, সড়কটি দ্রুত সংস্কারের জন্য টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী এবং সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের একাধিকবার অবহিত করা হয়েছে। তবে এখনো দৃশ্যমান কোনো উন্নয়ন কাজ শুরু হয়নি। জনগুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) মির্জাপুর কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী মো. রুহুল আজম বলেন, টানা বৃষ্টির কারণে গোড়াই-সখীপুর আঞ্চলিক সড়কের বিভিন্ন অংশে ভাঙন ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। বর্ষা মৌসুমে এমন পরিস্থিতি তৈরি হয়। তিনি জানান, সড়কটি পরিদর্শন করে সংস্কারের জন্য প্রকল্প তৈরি করে অর্থ বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে দ্রুত সংস্কার কাজ শুরু করা হবে।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন








Discussion about this post