প্রতিবেদক গাংনী: মেহেরপুর-২ (গাংনী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোঃ আমজাদ হোসেন বলেছেন, সন্ত্রাসমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তোলা, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং শিক্ষাব্যবস্থাকে আরও গতিশীল করাই বিএনপির প্রধান লক্ষ্য।
শনিবার দুপুরে গাংনী উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়ে সাহারবাটি ইউনিয়ন মহিলা দলের নেতাকর্মীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আমজাদ হোসেন বলেন, “গত ১৭ বছর ধরে আপনারা জেল-জুলুম ও নানা নির্যাতন সহ্য করে দলের পাশে থেকেছেন। সামনে নির্বাচন। এই নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ত্যাগী নেতাকর্মীদের যথাযথভাবে মূল্যায়ন করা হবে।”
তিনি আরও বলেন, বিএনপি সরকারের আমলে ছেলে-মেয়েদের বিনা বেতনে শিক্ষা গ্রহণের সুযোগ, বিনামূল্যে বই বিতরণ, বয়স্ক ও বিধবা ভাতা, ভিজিডি-ভিজিএফসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছিল। ৩১ দফা কর্মসূচির মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে বিএনপি কাজ করে যাবে বলেও তিনি উল্লেখ করেন।
গাংনী উপজেলাকে সন্ত্রাসমুক্ত করার পাশাপাশি উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত এবং শিক্ষাখাতকে আরও গতিশীল করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাহারবাটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আসমা তারা খাতুন।
এ সময় মহিলা দলের নেত্রী সেথা, নার্গিস, সামিরন, রাশেদা মুক্তাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রিন্ট করুন






Discussion about this post