প্রতিবেদক, গাংনী: মেহেরপুরের গাংনী বাজারে সড়ক প্রশস্তকরণের কাজ দ্রুত শুরু করার দাবিতে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন সাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মেহেরপুর জেলার সাবেক সদস্য সচিব মো. মুজাহিদুল ইসলাম।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে গাংনী বাজারের সড়ক প্রশস্তকরণের কাজ বন্ধ রয়েছে। এতে জনসাধারণ চরম দুর্ভোগে পড়েছে। ধুলোবালির কারণে ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, যানবাহন উল্টে আহত হওয়ার ঘটনাও নিত্যদিনের ব্যাপার।
মুজাহিদুল ইসলাম আরও বলেন, সড়ক ও জনপদ বিভাগ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ না নেওয়ায় আমরা বাধ্য হয়ে আমরণ অনশনের কর্মসূচি ঘোষণা করেছি। আগামী কয়েকদিনের মধ্যেই এই অনশন পালন করা হবে যদি প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা না নেয়।
স্থানীয়রা অভিযোগ করেছেন, গাংনী বাজারে দোকান উচ্ছেদসহ নানা দাবিতে অতীতে সড়ক অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হলেও বর্তমানে রাস্তা প্রশস্তকরণের কাজ দীর্ঘদিন বন্ধ থাকলেও সংশ্লিষ্টদের নীরব ভূমিকায় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
বাজারের ব্যবসায়ীরা জানান, ধুলোবালির কারণে ব্যবসা-বাণিজ্যে মারাত্মক মন্দা চলছে। বছরজুড়ে উন্নয়নের নামে ড্রেন নির্মাণের কাজের পর রাস্তা খুঁড়ে মাটি ও বালির স্তুপ ফেলে রাখা হয়েছে, ফলে চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। বর্তমানে গাংনী বাজার যেন “ধুলোবালির শহরে” পরিণত হয়েছে।
এ বিষয়ে জানতে সড়ক ও জনপদ বিভাগের সহকারী প্রকৌশলী মিজানুর রহমানের মোবাইল ফোনে কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।
প্রিন্ট করুন







Discussion about this post