নোয়াখালী প্রতিনিধি: চাকরির প্রলোভন দেখিয়ে তরুণীদের আটকে রেখে জোরপূর্বক পর্নোগ্রাফিক ভিডিও তৈরির অভিযোগে নোয়াখালীর বেগমগঞ্জে স্বামী-স্ত্রী ও তাদের দুই ছেলেসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় জিম্মিদশা থেকে চার তরুণীকে উদ্ধার করা হয়েছে।
গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার চৌমুহনী পৌরসভার কিসমত করিমপুর এলাকার রাবেয়া হাসপাতালের পাশের একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে আসামিদের নোয়াখালী চিফ জুডিসিয়াল আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তার হলেন যারা: গ্রেপ্তারকৃতরা হলেন— মো. সালাউদ্দিন বিপ্লব, তার স্ত্রী পারভিন আক্তার, তাদের দুই ছেলে ফাহাদ হাসান ও আরাফাত ইয়াসিন ফাহিম এবং সহযোগী আব্দুর রহিম। পুলিশ জানায়, আসামিদের নিজ বাড়ি কুমিল্লার হোমনা উপজেলায় হলেও তারা দীর্ঘদিন ধরে চৌমুহনীর ওই বাসায় ভাড়া থাকতেন।
যেভাবে চক্রের সন্ধান পেল পুলিশ: উদ্ধার হওয়া তরুণীদের একজন গোপনে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল করে পুলিশের কাছে সাহায্য চান। ওই কলের সূত্র ধরেই বৃহস্পতিবার রাতে অভিযান চালায় পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে পর্নোগ্রাফি তৈরিতে ব্যবহৃত একটি ক্যামেরা, ছয়টি মোবাইল ফোন, একটি চাবুক, ছুরি, কাঁচি এবং নগদ ১ লাখ ৯৮ হাজার টাকা জব্দ করা হয়।
উদ্ধার হওয়া এক তরুণী বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলার এজাহার থেকে জানা যায়, এক বান্ধবীর মাধ্যমে পরিচয়ের পর পার্লারে চাকরির প্রলোভন দেখিয়ে গত ২ আগস্ট ওই তরুণীকে চৌমুহনীতে নিয়ে আসে সালাউদ্দিন বিপ্লব। এরপর তাকে একটি বাসায় আটকে রেখে মোবাইল কেড়ে নেওয়া হয় এবং জোরপূর্বক যৌনকাজে বাধ্য করে তার ভিডিও ধারণ করা হয়।
অভিযোগে আরও বলা হয়, বিভিন্ন জেলা থেকে তরুণীদের এনে এই বাসায় আটকে রাখা হতো। ধারণকৃত এসব ভিডিও অনলাইনের একটি অ্যাপের মাধ্যমে সম্প্রচার করে চক্রটি বিপুল অর্থ উপার্জন করত। কোনো তরুণী প্রতিবাদ করলে তাদের ওপর চাবুক দিয়ে শারীরিক নির্যাতন চালানো হতো।
বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামিদের ইতোমধ্যে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া চার তরুণীকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন








Discussion about this post