স্টাফ রিপোর্টার : দেশের সেমিকন্ডাক্টর শিল্পের বিকাশ, দক্ষ মানবসম্পদ তৈরি এবং বৈশ্বিক প্রযুক্তি খাতে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করার লক্ষ্য নিয়ে রাজধানীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম এবং বিইএআর (বায়োটেক, ইলেকট্রনিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিকস) সম্মেলন।
শনিবার সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ের নভোথিয়েটারে আয়োজিত এ সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন এবং সিলিকন রিভারের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়েছে।
দুই দিনের এ সম্মেলনে মোট ১১টি কারিগরি অধিবেশন এবং ৭টি কৌশলগত আলোচনা অনুষ্ঠিত হবে। আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকছে সেমিকন্ডাক্টর শিল্পের উন্নয়ন, প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা সৃষ্টি, উন্নত উৎপাদন ব্যবস্থা, গবেষণা ও উদ্ভাবন, বৈশ্বিক অংশীদারিত্ব এবং বাংলাদেশের প্রযুক্তি খাতে প্রবাসী বাংলাদেশিদের সম্পৃক্ততা।
এ ছাড়া সেমিকন্ডাক্টর খাতের জন্য দক্ষ জনবল গড়ে তোলা, শক্তিশালী ইকোসিস্টেম তৈরি, প্রযুক্তির বাণিজ্যিকীকরণ এবং ডিপ-টেক উদ্ভাবনের সম্ভাবনাও গুরুত্ব পাবে বিভিন্ন অধিবেশনে।
সম্মেলনে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান, গবেষণা সংস্থা ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে টেক্সাস ইনস্ট্রুমেন্টস, পারডু ইউনিভার্সিটি, গ্লোবাল ফাউন্ড্রিজ, এনএক্সপি, অ্যাপ্লাইড ম্যাটেরিয়ালস, স্যানডিস্ক, ক্রেডো এবং ভিয়েতনাম সেমিকন্ডাক্টর অ্যালায়েন্স অ্যান্ড পার্টনারশিপ।
সম্মেলনের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হবে ‘ক্রিস্টে ফেলোশ রিসার্চ সিম্পোজিয়াম’। এতে দেশের তরুণ ও উদীয়মান সেমিকন্ডাক্টর গবেষকেরা তাঁদের গবেষণার ফলাফল উপস্থাপনের সুযোগ পাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, অধ্যাপক মোহাম্মদ মুস্তফা হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মো. আনোয়ার হোসেন এবং বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ জাব্বার।
সম্মেলনের পাশাপাশি অনুষ্ঠিত হচ্ছে বিইএআর ইনোভেশন এক্সপো-২০২৬। সেখানে শিক্ষার্থী, গবেষক ও স্টার্টআপ উদ্যোক্তাদের তৈরি সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিকস, স্বাস্থ্য প্রযুক্তি এবং অন্যান্য ডিপ-টেক উদ্ভাবন প্রদর্শিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী প্রদর্শনী ঘুরে দেখার কথা রয়েছে।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন







Discussion about this post