নিজস্ব প্রতিনিধি: কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি আমির হামজার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
প্রতীক বরাদ্দের আগেই প্রকাশ্যে প্রচারণা ও ভোট প্রার্থনার কারণে এই অভিযোগ দায়ের করেছেন সদর আসনের এক ভোটার।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) কুষ্টিয়া-০৩ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে এই অভিযোগ দাখিল করেন শহরের ত্রিমোহনী এলাকার বাসিন্দা আরিফুর রহমান সুমন।
অভিযোগে বলা হয়েছে, “গত ১৩ জানুয়ারি মুফতি আমির হামজা কুষ্টিয়া সদরের মনোহরদিয়া ও ঝাউদিয়া এলাকায় ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট চেয়ে সরাসরি গণসংযোগ করেন”।
অভিযোগকারী আরিফুর রহমান সুমন জানান, “দ্য রিপ্রেজেন্টেশন অব পিপল অর্ডার, ১৯৭২’ এবং ‘প্রার্থীর আচরণবিধিমালা ২০২৫’-এর ১৮ নম্বর ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ের আগে কোনো ধরনের নির্বাচনী প্রচার চালানো আইনত দণ্ডনীয়”। প্রমাণ হিসেবে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মুফতি আমির হামজার নির্বাচনী প্রচারণার ভিডিও ও ছবি সংযুক্ত করেছেন। তিনি বলেন, “একজন সচেতন নাগরিক হিসেবে আমি মনে করি, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখতে আচরণবিধি মেনে চলা বাধ্যতামূলক। প্রতীক বরাদ্দের আগে এভাবে ভোট চাওয়া স্পষ্টত আইনের লঙ্ঘন।”
এ বিষয়ে জানতে মুফতি আমির হামজার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
অন্যদিকে, অতিরিক্ত রিটার্নিং কর্মকর্তা ও কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহাঙ্গীর আলম জানান, “অভিযোগের কপি হাতে পাওয়া মাত্রই নির্বাচনী অনুসন্ধান কমিটির মাধ্যমে তদন্ত শুরু করা হবে। সত্যতা প্রমাণিত হলে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে”।
প্রিন্ট করুন






Discussion about this post