গিয়াস রনি, নোয়াখালী : নোয়াখালীর সদর উপজেলায় জামিনে কারাগার থেকে বের হওয়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করার প্রস্তুতির অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।
রোববার (৯ আগস্ট) বিকেল ৫টার দিকে নোয়াখালী জেলা কারাগারের প্রধান ফটকের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক ব্যাগ ফুলের মালা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন—সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের পশ্চিম এওজবালিয়া গ্রামের ছেরাজল হক চৌধুরী (৬৩), মেহেদী হাসান হৃদয় (২০), মো. ফারুক হোসেন (১৮) ও মো. নাজিম (১৮)। পুলিশের দাবি, তারা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ জুন জুমার নামাজের পর নোয়ান্নই ইউনিয়নের বাঁধের হাট বাজার এলাকায় ছাত্রলীগ ও যুবলীগের উদ্যোগে বড় ধরনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে এ ঘটনায় পুলিশের অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই শতাধিক নেতাকর্মী গ্রেপ্তার হন।
রোববার গ্রেপ্তারদের মধ্যে চারজন জামিনে মুক্তি পাওয়ার খবর ছড়িয়ে পড়লে তাদের স্বাগত জানাতে জেলা কারাগারের সামনে কয়েকজন অবস্থান নেন। পুলিশ বিষয়টি জানতে পেরে সেখানে অভিযান চালায় এবং চারজনকে ফুলের মালাসহ আটক করে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, স্বজনেরা কারাগারের সামনে ফুলের মালা নিয়ে আসতে পারেন। তবে আটক ব্যক্তিরা জামিনে মুক্তি পাওয়া ব্যক্তিদের আত্মীয় নন। তারা বিভিন্ন এলাকা থেকে এসে বিপুলসংখ্যক ফুলের মালা নিয়ে ছবি তুলে শোডাউন করার প্রস্তুতি নিচ্ছিলেন।
ওসি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন









Discussion about this post