স্টাফ রিপোর্টার : আইন সংস্কার কমিশনের সুপারিশগুলো জুলাই সনদের আলোকে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধিকাংশ অধ্যাদেশ সরকার গ্রহণ করেছে এবং অবশিষ্টগুলোর প্রয়োজনীয় সংশোধনে একটি বিশেষ কমিটি কাজ করছে।
শুক্রবার (৩১ জুলাই) সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি ও মাসব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, আইন সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার ১৩৩টি অধ্যাদেশ জারি করেছিল। এর মধ্যে প্রায় সবগুলোর সংস্কার সরকার গ্রহণ করেছে। বাকি বিষয়গুলোও জুলাই সনদের নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখে সংশোধন করা হবে।
শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী দেশে ফিরলে সরকার আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তিনি স্বেচ্ছায় দেশে ফিরলে আদালতের মুখোমুখি হবেন এবং পুরো প্রক্রিয়া আইনের বিধান অনুসারেই পরিচালিত হবে।
হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলা সম্পর্কে আইনমন্ত্রী বলেন, সরকার আইনশৃঙ্খলা বাহিনী বা বিচারিক কার্যক্রমে হস্তক্ষেপ করে না বলেই মামলা হয়েছে। এখন তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন









Discussion about this post