ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে চলছে বৃক্ষ মেলা। গত ৩১ জুলাই শুরু হওয়া এ মেলায় প্রতিদিন দুপুরের পর থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভিড় বাড়ছে। কেউ পছন্দের গাছের চারা কিনছেন, কেউ ঘুরে দেখছেন মেলার বিভিন্ন স্টল।
জেলা বন বিভাগ ও জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় পাওয়া যাচ্ছে নানা প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা। এর পাশাপাশি রয়েছে ফুলের গাছ, কৃষি উপকরণসহ বিভিন্ন ধরনের পণ্য। বৈচিত্র্যময় গাছ ও তুলনামূলক সাশ্রয়ী দামে চারা পাওয়ায় মেলায় ক্রেতাদের আগ্রহও বেশ লক্ষ্য করা গেছে।
মেলায় আসা দর্শনার্থী আশরাফ আলী বলেন, তিনি প্রতি বছরই বৃক্ষ মেলায় আসেন। একসঙ্গে বিভিন্ন ধরনের গাছের চারা পাওয়া যায় বলে এবারও বাড়ির জন্য কয়েকটি ফল ও ফুলের গাছ কিনেছেন। পাশাপাশি পরিবারের সদস্যদেরও বৃক্ষরোপণে উৎসাহিত করছেন।
আরেক দর্শনার্থী ফারুক হোসেন বলেন, মেলায় এসে নতুন নতুন জাতের গাছ দেখার সুযোগ হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ জরুরি। তাই পছন্দের কয়েকটি চারা কিনেছেন তিনি। এ ধরনের মেলার মাধ্যমে মানুষের মধ্যে গাছ লাগানোর আগ্রহ আরও বাড়বে বলে মনে করেন তিনি।
সামাজিক বন বিভাগ ঝিনাইদহের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন বলেন, বৃক্ষ মেলার মূল লক্ষ্য মানুষের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতা তৈরি করা। মেলায় বিভিন্ন প্রজাতির মানসম্মত চারা রাখা হয়েছে, যাতে মানুষ সহজেই সেগুলো সংগ্রহ করে বাড়ির আঙিনা, রাস্তার পাশে ও খালি জায়গায় রোপণ করতে পারেন।
তিনি আরও বলেন, মানুষের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহ বাড়ানো এবং পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে।
গত ৩১ জুলাই পুরাতন ডিসি কোর্ট চত্বরে মেলার উদ্বোধন করেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, জেলা প্রশাসক নোমান হোসেন, সামাজিক বন বিভাগ যশোর অঞ্চলের বিভাগীয় কর্মকর্তা অমিতা মন্ডল ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন








Discussion about this post