স্টাফ রিপোর্টার : নীলফামারীর ডোমার উপজেলায় যাত্রীবাহী একটি ব্যাটারিচালিত ভ্যানকে পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক ধাক্কা দিলে ভ্যানচালকসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের এক নারী ও তাঁর দুই ছেলে রয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
রোববার (বিকেল সাড়ে ৪টার দিকে) ডোমার-জলঢাকা আঞ্চলিক সড়কের পাঙ্গা মটুকপুর-নদীয়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার নদীয়াপাড়া এলাকার ভ্যানচালক পরিমল বর্মন (৪০), একই এলাকার প্রতিমা রানী (২৮) এবং তাঁর দুই ছেলে পিতোসা (৮) ও যাদব (৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রী নিয়ে ব্যাটারিচালিত ভ্যানটি ডোমার-জলঢাকা আঞ্চলিক সড়ক দিয়ে যাওয়ার সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ভ্যানচালক পরিমল বর্মন, প্রতিমা রানী এবং তাঁর দুই ছেলে পিতোসা ও যাদব নিহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহত আরও দুজনকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে সেখানে তাঁদের চিকিৎসা চলছে।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুল্লাহ জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন








Discussion about this post