স্টাফ রিপোর্টার : দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিকে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের জরুরি চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে দ্রুত পরিপত্র জারি করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ একটি রিটের শুনানি শেষে এ আদেশ দেন। আদালত ২০১৮ সালের সড়ক দুর্ঘটনা সংক্রান্ত আইনে সংশোধনী এনে সব ধরনের দুর্ঘটনায় আহত ব্যক্তিদের নিকটস্থ হাসপাতাল বা ক্লিনিকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করার জন্য বিধি প্রণয়নের নির্দেশও দিয়েছেন।
রিট আবেদনকারীর আইনজীবী মনজিল মোরসেদ জানান, আদালতের নির্দেশ অনুযায়ী স্বাস্থ্য সচিবকে দেশের সব হাসপাতাল ও ক্লিনিকের জন্য নির্দেশনা জারি করতে হবে। দুর্ঘটনায় আহত ব্যক্তি—সড়ক দুর্ঘটনা, হামলা বা অন্য কোনো কারণে আহত হোক—হাসপাতালে গেলে তাকে আগে জরুরি চিকিৎসা দিতে হবে। পরে প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য অন্য প্রতিষ্ঠানে পাঠানো যাবে।
মামলার শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জিসান হায়দার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালকের পক্ষে ছিলেন আইনজীবী কাজী এরশাদুল আলম। এছাড়া সালাউদ্দিন হাসপাতালের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোস্তাফিজুর রহমান।
ঘটনার সূত্রপাত ২০১৮ সালের জানুয়ারিতে। ওই সময় খুলনার সোনাডাঙ্গার মোটর পার্টস ব্যবসায়ী ইব্রাহিম ঢাকার সায়েদাবাদ এলাকায় ছিনতাইকারীর হামলায় আহত হন। তাকে কাছের সালাউদ্দিন হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) হাইকোর্টে রিট আবেদন করে।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন










Discussion about this post