স্টাফ রিপোর্টার : প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় বান্দরবানে পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে। আগামী বুধবার (১৫ জুলাই) পর্যন্ত জেলার সব পর্যটনকেন্দ্র বন্ধ থাকবে। এ সময় পর্যটকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন।
বান্দরবান জেলা প্রশাসন কার্যালয় থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শুক্রবার বিকেলে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সানিউল ফেরদৌস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে বান্দরবানে ভারী বর্ষণের কারণে জেলার বিভিন্ন স্থানে যোগাযোগব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উদ্ভূত পরিস্থিতি এবং সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বিবেচনায় গত ৯ জুলাই জারি করা জরুরি গণবিজ্ঞপ্তির সময়সীমা আগামী ১৫ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।
নিষেধাজ্ঞার আওতায় এ সময় জেলার সব পর্যটনকেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা এবং ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক ও সাধারণ মানুষের চলাচল বন্ধ থাকবে।
এর আগে শুক্রবার পর্যন্ত বান্দরবানে পর্যটকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। পরিস্থিতি বিবেচনায় সেই নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়িয়েছে জেলা প্রশাসন।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন







Discussion about this post