আজম রেহমান, ঠাকুরগাঁও অফিস :
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই নির্বাচনেই আপনারা নির্ধারণ করবেন আগামী পাঁচ বছর এ দেশটি কারা পরিচালনা করবে। নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত ১৫ বছর ধরে দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছিল। আমাদের অর্থনীতিকে ধ্বংস করেছে এবং শুধুমাত্র কিছু সংখ্যক ব্যক্তিকে অতি ধনী করার লক্ষ্যে ব্যাংকগুলোকে লুটপাট করেছে।
গতকাল ২৮ ডিসেম্বর দুপুরে ঠাকুরগাঁও জেলা শহরের মানব কল্যাণ পরিষদ প্রশিক্ষণ কেন্দ্রে স্থানীয় আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন,দেশের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, দেশ এখন একটি ক্রান্তিকাল সময়ের মধ্যে পার হচ্ছে। বিভিন্ন রকম কথাবার্তা উঠছে। বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে, আন্দোলন হচ্ছে। দেশকে অস্থিিতিশীল করার জন্য পেছন থেকে কিছু লোক কাজ করছে। আমাদের এই সময়ে একটু সাবধান থাকতে হবে। যেন আবার অন্ধকারের দিকে না চলে যেতে হয়। আমাদের সাবধান থাকতে হবে আমরা নিজেরা যেন বিভেদ ও চক্রান্তকারীদের হাতে না পড়ি। নাহলে দেশ আমাদের আরও ক্ষতিগ্রস্ত হবে।
তিনি আরো বলেন, নির্বাচনকে ভাঙার চেষ্টা করা হচ্ছে। সেটা যেন করতে না পারে সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে।
বিএনপি মহাসচিব বলেন, আপনারা জানেন বিএনপির প্রায় ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। অন্যান্য রাজনীতি দলের নেতাদের বিরুদ্ধেও মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আলেম-ওলামাদের গ্রেপ্তার ও নির্যাতন করা হয়েছে। কারাগারে নিক্ষেপ করা হয়েছে এবং তাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে। আমরা এই সময়গুলো পার হয়েছি। আমি নিজে ১১ বার কারাগারে গেছি। আমার অপরাধ আমি গণতন্ত্র চেয়েছি। আমার অপরাধ আমি সত্যের প্রতিষ্টা চেয়েছি। আলেম-ওলামাদের যেন নির্যাতন করা না হয় সেটা চেয়েছি। সেসময় আলেম-ওলামারা রাস্তাঘাটে নিরাপদে চলতে পারত না। সবসময় তারা ভয়ে ভয়ে থাকত। কখন আবার জঙ্গি বলে ধরে নিয়ে নিয়ে যায়। আমাদের ভাইদেরকে, ছোট ছোট শিশুদেরকে কিভাবে সেদিন গুলি করে হত্যা করা হয়েছে। শুধুমাত্র একটা অপরাধ, সেদিন তারা তাদের দাবিগুলো চেয়েছিল। কি একটা ভয়াবহ অবস্থা ছিল।
মির্জা ফখরুল বলেন, আল্লাহর অশেষ রহমতে আমাদের ছাত্র-জনগণের আন্দোলনের মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট হাসিনাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। কিন্তু এর মূল্য দিতে হয়েছে অনেক। ওই আন্দোলনে প্রায় দুই হাজারের মতো ছাত্র-জনতাকে প্রাণ দিতে হয়েছে। রক্তে লাল হয়ে গেছে ঢাকা শহর। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা কারাগারে দুই বছর আটক করে রাখা হয়েছিল এবং যে ঘরের মধ্যে তাকে রাখা হয়েছিল সেখানে ইদুর দৌড়াদৌড়ি করত। তিনি অসুস্থ হয়ে পড়েন। তার সঠিকভাবে চিকিৎসা করা হয়নি। এরপরে যখন কোভিড হয় তখন তারা নেত্রীকে কারাগার থেকে পিজি হাসপাতালে নিয়ে আসল। পিজি হাসপাতালে তিনি দুই বছর ছিলেন। আবার পিজি হাসপাতাল থেকে গৃহবন্দি অবস্থায় বাড়িতে নিয়ে আসা হলো। ছয় বছর কারাবন্দি অবস্থা ছিলেন তিনি। ৫ আগস্ট তিনি মুক্ত হয়েছেন। সেই নেত্রী আজকে অসুস্থ অবস্থায় হাসপাতালে। এই নেত্রী তার সারাটা জীবন মানুষের অধিকারের জন্য আন্দোলন করেছে, কথা বলেছেন, কারাগারে গেছেন।
তিনি আরও বলেন, ঠাকুরগাঁওয়ে আপনারা এয়ারপোর্টের কথা বলেছেন। আমরা যদি সরকারে যেতে পারি তাহলে অবশ্যই ঠাকুরগাঁওয়ে পুনরায় বিমানবন্দর চালু করা হবে। আপনারা মেডিকেল কলেজের কথা বলেছেন, বিশ্ববিদ্যালয়ের কথা বলেছেন সবগুলোই প্রতিষ্ঠা করা হবে। আমরা আপনাদের সঙ্গে আছি। এই ঠাকুরগাঁওয়ে যতগুলো স্কুল-কলেজ, মাদরাসা রয়েছে আমি বিশ্বাস করি তার ৯০ শতাংশ আমাদের অবদান রয়েছে। আপনারা জানেন বিএনপি একটা পরিকল্পনার মধ্যে রয়েছে। খতিব-ইমাম, মুয়াজ্জিনদের সামাজিক মর্যাদা জীবনমানে উন্নয়ন। খতিব ইমাম মুয়াজ্জিন সাহেবদের মাসিক সম্মানী ভাতা প্রদান করা হবে। বিএনপি ক্ষমতায় আসলে। ধর্মীয় উৎসবে বিশেষ ভাতা প্রদান করা হবে। দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের মাধ্যমে বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করা হবে।
এসময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ সহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন
প্রিন্ট করুন








Discussion about this post